বিশেষ ক্ষমতা পেলেন ভেনেজুয়েলার মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পরিষদে বিশেষ ক্ষমতার বিলে স্বাক্ষর করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
জাতীয় পরিষদে বিশেষ ক্ষমতার বিলে স্বাক্ষর করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বিশেষ ক্ষমতা দেওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় পরিষদ।
আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এ ক্ষমতাবলে মাদুরো কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করেই ১২ মাসের জন্য দেশ পরিচালনা করতে পারবেন।
বিলটিতে স্বাক্ষর করার পর মাদুরো পণ্যের দাম কম রাখার অঙ্গীকার করেন ও দেশের দুর্নীতি কমিয়ে আনার আশ্বাস দেন।
মাদুরো বলেন, এ নতুন ক্ষমতার লক্ষ্য হলো দেশটির অর্থনৈতিক সংকটের সমাধান করা। কিন্তু সমালোচকদের আশঙ্কা, মাদুরো বিরোধী দলের বিরুদ্ধে তাঁর এ বিশেষ ক্ষমতার অপব্যবহার করবেন।
ভেনেজুয়েলায় বেশ কিছু দিন ধরে খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে। দেশটিতে বিদ্যুত্ ঘাটতি ও ৫৪ শতাংশ মুদ্রাস্ফীতি রয়েছে।
মাদুরো ইতিমধ্যে দেশটির খুচরা বিক্রেতাদের প্রয়োজনীয় সামগ্রীর দাম ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার এই অর্থনৈতিক সংকটময় মুহূর্তকে তিনি ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে উল্লেখ করছেন। আশা করা হচ্ছে, মাদুরো তাঁর বিশেষ ক্ষমতা ব্যবহার করে দেশটিকে অর্থনৈতিক যুদ্ধ থেকে পুনরায় অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।