বিশ্ব অর্থনীতি সংকট কাটিয়ে উঠবে: শি জিনপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করছেন, বিশ্ব অর্থনীতি যে ‘দীর্ঘ ও বন্ধুর পথ’ পাড়ি দিচ্ছে, তা শিগগিরই শেষ হবে। ছবি: রয়টার্স
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করছেন, বিশ্ব অর্থনীতি যে ‘দীর্ঘ ও বন্ধুর পথ’ পাড়ি দিচ্ছে, তা শিগগিরই শেষ হবে। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার বলেছেন, তিনি আশা করছেন বিশ্ব অর্থনীতি যে ‘দীর্ঘ ও বন্ধুর পথ’ পাড়ি দিচ্ছে, তা শিগগিরই শেষ হবে। তিনি আরও বলেন, চীনের বর্তমান ৭ শতাংশ প্রবৃদ্ধি ‘যুক্তিযুক্ত ও প্রত্যাশার সীমার’ মধ্যেই আছে।
রয়টার্স বলছে, শি জিনপিং এখন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি এখন ব্যাপকমাত্রার সমন্বয় কার্যক্রমের মাঝপথে অবস্থান করছে। বড় অর্থনীতির দেশগুলো নিজেদের কাঠামোগত সংস্কারসাধনে ব্যর্থ হচ্ছে বলে সামষ্টিক অর্থনৈতিক সহযোগিতা আবশ্যক হয়ে পড়ছে।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দেওয়া ভাষণে শি আরও বলেন, ‘পুরোপুরি সামলে উঠতে এবং সুস্থির উন্নয়ন অর্জনের জন্য বিশ্ব অর্থনীতিকে এখনো দীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দিতে হবে।’
চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটি এখন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো ২১টি দেশের বড়সড় ব্যবসায়িক অংশীদার।
বিশ্বের মোট জাতীয় উত্পাদনের (জিডিপি) ৫৫ শতাংশের অধিকারী অ্যাপেকের সদস্যরাষ্ট্রগুলো। গত সপ্তাহে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, ‘এখনো ধসের মুখে পড়ার আশঙ্কা আছে’ এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে যেমনটি ভাবা হয়েছিল, প্রকৃতপক্ষে তা হবে অপেক্ষাকৃত ধীর ও নাজুক।
চীনের অর্থনীতিতে মন্দার আশঙ্কা উড়িয়ে দিয়ে শি বলেন, ২০২০ সালের মধ্যে দেশটির মাথাপিছু আয় দ্বিগুণ করতে দেশটির বর্তমান ৭ শতাংশ প্রবৃদ্ধির হার যথেষ্ট। তিনি বলেন, ‘চীনের অর্থনীতির ভবিষ্যত্ নিয়ে আমি পুরোপুরি আস্থাশীল।’
এ বছরের প্রথম ছয় মাসে চীনের প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৯ দশমিক ৩ শতাংশ এবং ২০১২ সালে ছিল ৭ দশমিক ৭ শতাংশ।

শি বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণের চীনা পদক্ষেপের কারণেই দেশটির অর্থনীতির প্রবৃদ্ধির গতি কমে গেছে। তবে দেশটির অর্থনীতির ভিত্তি এখনো যথেষ্ট মজবুত।