জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি বলেছেন, বিশ্ব অর্থনীতিতে এখনো ‘কালো মেঘ’ বিরাজ করছে। ইউরোপে আরও টালমাটাল পরিস্থিতি দেখা দিলে তা পুরো বিশ্ব অর্থনীতিকেই প্রভাবিত করতে পারে। গতকাল শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।বৃহৎ অর্থনীতির অধিকারী বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের দুই দিনব্যাপী সম্মেলন গতকাল ওয়াশিংটনে শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনের আলোচনা শেষে জুন আজুমি বিশ্ব অর্থনীতি, ইউরোপের ঋণ-সংকট, জাপানের অর্থনীতির পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।জাপানের অর্থমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির ক্রান্তিকাল ঠেকাতে এবং ইউরোপের ঋণ-সংকট সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রয়োজনীয় ৪০ হাজার কোটি ডলারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পেতে যাচ্ছে।জুন আজুমি বলেন, ‘আমি মনে করি, এটি বিশ্ব অর্থনীতিকে স্বস্তিদায়ক ও স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবে।’ তিনি বলেন, ‘এটি খুবই সম্ভব, আমরা ৪০ হাজার কোটি ডলার লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্থ জোগাড় করতে পারব।’ এই সপ্তাহের শুরুর দিকে জাপান আইএমএফকে ছয় হাজার কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে। এএফপি।