বিশ্ব এখন অনেক নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের মেয়াদ পূর্ণ করার পর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন হিলারি ক্লিনটন। এদিন বিদায়ী ভাষণে হিলারি বলেছেন, বিশ্ব এখন আগের চেয়ে অনেক নিরাপদ। হিলারির স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরি। শুক্রবারই যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ নেন তিনি।চার বছরের দায়িত্ব পালনকালে হিলারি (৬৫) ১১২টি দেশ সফর করেছেন। প্রায় ১০ লাখ মাইল ভ্রমণ করেছেন। এখন ২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ফার্স্ট লেডি হিলারিকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে। বিদায়ী ভাষণে হিলারি বলেন, ৬৭তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি ‘অনন্য, স্বকীয়, রোমাঞ্চকর ও কঠিন’ অভিজ্ঞতা। তিনি এ-ও স্বীকার করেন, তুরস্কের আঙ্কারায় মার্কিন দূতাবাসে শুক্রবারের হামলার ঘটনা সতর্ক করে দিচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিয়ত বৈশ্বিক হুমকির মুখে পড়তে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে হিলারি বলেন, ‘আমরা সবাই মিলে যে কাজ করেছি, তার জন্য আমি গর্বিত। তবে আঙ্কারায় মার্কিন দূতাবাসের হামলার ঘটনা আমাদের সতর্ক করে দিচ্ছে, আমরা খুবই জটিল পরিস্থিতির মধ্যে আছি এবং ভয়ংকর সময় পার করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের মাতৃভূমি ও বিশ্বকে শক্তিশালী, নিরাপদ, নির্মল ও সাবলীল করতে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য আমি কৃতজ্ঞ।’এর আগে শুক্রবার সকালে হিলারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ওবামার কাছে পদত্যাগপত্র দাখিল করেন। বিবিসি।