বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেতে চলেছে শান্তিনিকেতন
কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন এবার বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেতে চলেছে। আগামী মে মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে ইউনেসকোর বৈঠক। এই বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি। ইতিমধ্যে ইউনেসকো থেকে ভারত সরকারকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ভারত সরকার বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য তাঁর ১৫০তম জন্মবার্ষিকীকে ঘিরে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই দেওয়ার জন্য আরজি জানিয়েছিল ইউনেসকোর কাছে। এই আরজিতে সায় দিয়েছে ইউনেসকো। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের উপপরিচালক বি এস মণি রোববার নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, মে মাসে প্যারিসে অনুষ্ঠেয় ইউনেসকোর বৈঠকে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই দেওয়া হতে পারে। শান্তিনিকেতন বিশ্ব হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হলে এটা হবে ভারতের ৩০তম বিশ্ব ঐতিহ্য। আর পশ্চিমবঙ্গে হবে তৃতীয়। এর আগে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং দার্জিলিংয়ের টয় ট্রেন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।১৮৬২ সালে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর সংলগ্ন ভুবনডাঙ্গা গ্রামটির নামকরণ করেন শান্তিনিকেতন। ১৯০১ সালে এখানে ‘ব্রহ্মচারী আশ্রম’ নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেন একটি বিদ্যালয়। এরপর ১৯১৩ সালে কবিগুরুর নোবেল পুরস্কার পাওয়ার পর এই প্রতিষ্ঠানটির নাম হয় বিশ্বভারতী।