বিশ্ব গণমাধ্যমে এমন গুরুত্ব কম ব্যক্তিই পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে এমন ব্যক্তিত্ব খুবই বিরল, যাঁদের মৃত্যুর খবর বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। টেলিভিশনে বিরতিহীন খবরের পাশাপাশি সংবাদপত্রের প্রথম পাতাজুড়ে ছিল বর্ণবাদবিরোধী মহানায়কের প্রয়াণের খবর।
৯৫ বছর বয়সী নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে খুদে ব্লগ লেখার সাইট টুইটারসহ সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে আবেগভরা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্ণবাদবিরোধী এবং সাম্য প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা এই কিংবদন্তির প্রশংসায় বৈশ্বিক ঐক্যের এক বিরল নজির স্থাপিত হলো।
ম্যান্ডেলার নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ সংবাদপত্র কালো অক্ষরে শিরোনাম করেছে। লাখো নাগরিকের পিতৃতুল্য মাদিবার (ম্যান্ডেলার পারিবারিক নাম) মৃত্যুতে যে বিশাল ক্ষতি হয়েছে, তা যেন বুঝিয়ে দেওয়ার প্রাণান্ত চেষ্টা করেছে পত্রিকাগুলো। দ্য স্টার শিরোনাম করেছে ‘বিশ্ব কাঁদছে’।
বিশ্বজুড়ে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলো প্রথম পাতায় ব্যাপক গুরুত্বের সঙ্গে সংবাদটি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের দি নিউ ইয়র্কার সাময়িকীর প্রচ্ছদে তরুণ ম্যান্ডেলার ছবি ছাপা হয়েছে, যেখানে তিনি মুষ্টিবদ্ধ হাত তুলে আছেন। এখানে প্রতিরোধ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে ম্যান্ডেলাকে।
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকাগার্ডিয়ান এক সম্পাদকীয়তে লিখেছে, ‘তাঁর (ম্যান্ডেলা) ব্যক্তিত্ব এবং মনের বিশালত্বে সবার জন্য জায়গা ছিল, সেটা খুব কম লোকই অস্বীকার করতে পারে।’
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২৭ বছর কারাগারে ছিলেন।
অনেক দিন ধরে অসুস্থ থাকার ফলে যেকোনো সময় ম্যান্ডেলা বিদায় নিতে পারেন বলে আশঙ্কা ছিল। তার পরও তাঁর মৃত্যু সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে।
যুক্তরাজ্যের আরেক পত্রিকা ডেইলি মেইল ম্যান্ডেলাকে বর্ণনা করেছে এমন একজন বিশাল ব্যক্তিত্ব হিসেবে, যিনি পুরো বিশ্বকে ক্ষমার অর্থ শিখিয়েছেন।
স্পেনের শীর্ষস্থানীয় দৈনিক এল পাইস প্রথম ১৩ পৃষ্ঠাই উৎসর্গ করেছে ম্যান্ডেলার খবরের জন্য। পত্রিকাটির প্রধান শিরোনাম ছিল ‘সেই ব্যক্তি, যিনি বর্ণবাদকে পরাস্ত করেছেন’। জার্মানির ডের স্পিগেল পত্রিকার অনলাইন সংস্করণে ম্যান্ডেলাকে ‘নিপীড়নের বিরুদ্ধে অন্যতম মহান যোদ্ধা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আর বার্লিনের দৈনিক টাগেস্পিগেল শিরোনাম করেছে ‘একজন কিংবদন্তির মৃত্যু’।
ফ্রান্সের খেলাধুলা-সংক্রান্ত পত্রিকা এল’ইকুইপ বিশ্বের ক্রীড়াঙ্গনে ম্যান্ডেলার প্রভাবের কথা উল্লেখ করেছে। অবশ্য সুইডেনের ড্যাজেনস নাইহেটার এক সম্পাদকীয়তে কিছুটা সমালোচনার সুর রেখেছে: ‘প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ম্যান্ডেলা মুখ খুলবেন, এটা প্রত্যাশা ছিল।’
স্থান ও সময়ের পার্থক্যের কারণে ম্যান্ডেলার মৃত্যুর খবর এশিয়াসহ বিশ্বের অনেক দেশের পত্রিকাগুলোর মুদ্রণ সংস্করণে গতকাল ছাপা হয়নি। এএফপি।