বিশ্ব নেতাদের নমনীয় হওয়ার আহ্বান মুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘নমনীয় ও আপসকামী’ হওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের উন্নয়ন অর্থায়ন-সংক্রান্ত তৃতীয় সম্মেলনে এই আহ্বান জানান মুন। খবর এএফপির।
দারিদ্র্য নির্মূল এবং জলবায়ু পরিবর্তন রোধে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে। কম কার্বন নিঃসরণ করে উৎপাদন এবং সেই সঙ্গে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে পাঁচ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে গতকাল সোমবার। উদ্বোধনী অধিবেশনে বান কি মুন বলেন, ‘বিশ্ব নেতা এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের কাছে আমি আহ্বান জানাই, নমনীয়তা এবং আপসের চেষ্টা করুন। যেসব কর্মকাণ্ড আমাদের বিভক্ত করে, আমাদের স্বার্থপর করে তোলে, মানবতার কল্যাণে আসুন সেগুলো বর্জন করি।’
জাতিসংঘ চায়, উন্নয়নশীল দেশগুলো টেকসই উন্নয়নের খাতে বার্ষিক বিনিয়োগ বাড়িয়ে দিক। এই লক্ষ্য নিয়ে জাতিসংঘ ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করবে। আগামী অক্টোবর মাসে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে এই লক্ষ্যমাত্রা গৃহীত হবে। এসডিজিতে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।