বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে মুক্তি পেতে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন। স্নোডেনের দেওয়া একটি চিঠির বরাত দিয়ে জার্মানির আইনপ্রণেতা হ্যান্স-ক্রিশ্চিয়ান স্ট্রোবেলে এ কথা জানান।
স্ট্রোবেলে জার্মানির আইনপ্রণেতাদের একটি দলের সদস্য হিসেবে গত বৃহস্পতিবার রাশিয়ার মস্কোয় স্নোডেনের সঙ্গে দেখা করেন। জার্মানিতে মার্কিন নজরদারির বিষয়ে জানতেই স্নোডেনের সঙ্গে দেখা করে জার্মানির ওই প্রতিনিধিদল।
স্ট্রোবেলে গত শুক্রবার জার্মানিতে সংবাদ সম্মেলনে জানান, স্নোডেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির বিষয়ে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে চান। জার্মানিতে মার্কিন গোয়েন্দাগিরির বিষয়ে জার্মান তদন্তকারীদেরও সহায়তা দিতে চান তিনি। স্নোডেন তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, এটা তখনই সম্ভব, যখন যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাহার করবে।
মার্কিন নজরদারির বিষয়টি ফাঁস করায় স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকারের তথ্য চুরির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র সরকার। ডন।