বিশ্বকাপ মাতাচ্ছে তিন নারীর দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।
ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।

ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানিতে ফুটবল নিয়ে উন্মাদনা সারা বছরই থাকে। প্রতি চার বছর পর বিশ্বকাপের সময় তা একটু বেশি করে বিশ্ববাসীর দৃষ্টিতে ধরা পড়ে। এবার এ তিনটি দলের বিশেষত্ব হচ্ছে, তিনটি দেশেরই রাষ্ট্রপ্রধান নারী। তাঁরা হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার।
প্রভাব-প্রতিপত্তিতে তিনজনই নিজ নিজ স্থানে সমহিমায় উজ্জ্বল। তিন নেতার দলই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। প্রতিটি দলের যাত্রাও শুরু হয়েছে জয় দিয়ে। এ মুহূর্তে মূলত তারাই মাতাচ্ছে বিশ্বকাপের আসর।
ফুটবলের বাইরে এই তিন দেশের নাম বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে ঘুরেফিরে আসে। বিশেষ করে, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার বিশ্ব রাজনীতির আলোচিত ও জনপ্রিয় মুখ। নিজ নিজ দেশেও তাঁরা বেশ প্রতাপশালী।
অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বিশ্ব রাজনীতি নিয়ে এই তিন নেতাকে সব সময়ই ব্যতিব্যস্ত থাকতে হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবল নিয়েও তাঁদের ভাবতে হয়। কারণ, এই দেশগুলোর জনগণের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে ফুটবল। তাই রাজনৈতিক স্বার্থ বা একান্তই ভালোবাসার বশে হলেও ফুটবল নিয়ে রুসেফ, ম্যার্কেল ও কির্চনারের ব্যাপক আগ্রহ রয়েছে। 
নানা প্রতিকূলতা, শঙ্কা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ জুন ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে। বিরোধিতা, বিক্ষোভ ও সহিংসতা ছাপিয়ে ৬৪ বছর পর ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে ফিরেছে বিশ্বকাপ। 
উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সবই এখন পর্যন্ত ঠিকমতো চলছে। অথচ কয়েক মাস আগেও এই আয়োজন নিয়ে কী অনিশ্চয়তাই না ছিল! বিশ্বকাপ আয়োজন সফল করার অসাধ্য কর্মযজ্ঞের কৃতিত্ব ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে দিতেই হয়। 
বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে নিজের জনপ্রিয়তায় ধস নামিয়েছেন তিনি। তার পরও থেমে যাননি তিনি। তাঁর মতে, এটা শুধু খেলা নয়, একটা উত্সব। এ উত্সব সবার। এ জন্য ফুটবলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

পর্তুগালকে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে স্টেডিয়ামে থাকা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এভাবেই উল্লাস করেন।
পর্তুগালকে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে স্টেডিয়ামে থাকা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এভাবেই উল্লাস করেন।


সম্প্রতি দিলমা রুসেফ বলেছেন, বিশ্বকাপ আয়োজন করতে পেরে ব্রাজিল গর্বিত। কারণ এই খেলা মানবিক মূল্যবোধ, শান্তি, সংহতি, স্থিতিশীলতাকে জোরদার করে। বৈষম্য ও বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে। ফুটবলের এই মূল্যবোধ বিশ্বের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। 
মনে হতে পারে, কথার এমন ফুলঝুরি তো সবাই ছড়াতে পারেন। কিন্তু ফুটবলের প্রতি রুসেফের দরদ মোটেও লোক-দেখানো নয়। বিশ্বকাপ শুরুর দিনই খেলা দেখতে তিনি হাজির হয়েছেন স্টেডিয়ামে। ওই দিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নিজ দল ব্রাজিলের নান্দনিক খেলা উপভোগ করেছেন রুসেফ। সারাক্ষণই দলকে উত্সাহ জুগিয়েছেন। দলও হতাশ করেনি প্রেসিডেন্টকে। ‘এ’ গ্রুপের প্রথম খেলায় ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। 
২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল। ২০১০ সাল থেকে তিনি দেশটির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা। ফুটবলের প্রতি ম্যার্কেলের টান সবার জানা। একারণেই সব ব্যস্ততা ফেলে চলতি বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের সঙ্গে জার্মানির খেলা দেখতে ব্রাজিলের স্টেডিয়ামে হাজির হতে দেখা যায় তাঁকে।
১৬ জুন ‘গ্রুপ-জি’-এর খেলায় রোনালদোর পর্তুগালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মুলারের জার্মানি। মুলার পেয়েছেন এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। সেদিন টিভির পর্দায় কয়েক বারই ম্যার্কেলকে দেখানো হয়। কে বলবে—জার্মানির চ্যান্সেলর তিনি! জার্মানির একজন সাদামাটা দর্শকের মতোই গ্যালারিতে বসে দলকে উত্সাহ দিয়েছেন ম্যার্কেল। কখনো উল্লাসে করতালি আবার কখনো-বা দাঁড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। প্রতিটি মুহূর্তই নিজ দলের খেলা উপভোগ করেছেন ম্যার্কেল। 
খেলা শেষে এক দারুণ কাণ্ড ঘটিয়েছেন জার্মান চ্যান্সেলর। সোজা ছুটে গেছেন দলের ড্রেসিংরুমে। দারুণ বিজয় উপহার দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে গ্রুপ ছবি তুলেছেন। বাদ যায়নি সেলফিও। 

ম্যারাডোনার দেওয়া জার্সি হাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার।
ম্যারাডোনার দেওয়া জার্সি হাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার।

২০০৬ সালে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যার্কেল বলেছেন, তিনি ফুটবল বিশেষজ্ঞ নন। কিন্তু তাই বলে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস দেখা বাদ যায় না। 
শুধু কী তা-ই, সরকার চালাতে গিয়ে ফুটবলের মূল্যবোধকে প্রায়ই রূপক হিসেবে ব্যবহার করেন ম্যার্কেল। 
আর্জেন্টিনার ৯০ শতাংশ জনগণ ক্যাথলিক খ্রিস্টান। বাকি ১০ শতাংশ অন্য ধর্মাবলম্বী। কিন্তু দেশটির মানুষের সত্যিকারের ধর্ম—ফুটবল। ২২ জনের এই খেলা সেখানকার মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ফুটবলে তারা বুঁদ। ব্রাজিল বিশ্বকাপে দলের সূচনাও ভালো হয়েছে। ১৫ জুন ‘এফ’ গ্রুপের খেলায় বসনিয়াকে ২-১ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। 
রুসেফ ও ম্যার্কেলের মতো আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার নিজ দলের খেলা দেখতে ১৫ জুন ব্রাজিলের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কি না, তা জানা যায়নি। টেলিভিশনেও তাঁকে দেখা যায়নি। 
ফুটবলের প্রতি জনগণের মতো আর্জেন্টিনার প্রেসিডেন্টের আবেগের ব্যারোমিটার আমাদের অজানা। কিন্তু ফুটবলের আবেগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে তাঁর দক্ষতার কথা সংবাদমাধ্যমের কল্যাণে জানা যায়। 
২০০৭ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন কির্চনার। তাঁর সরকারের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, পুঁজিবাদের সঙ্গে বন্ধুত্ব, জনগণের সঙ্গে প্রতারণা, গণমাধ্যমের স্বাধীনতা হরণের মতো অভিযোগ রয়েছে। 
রাজনৈতিক স্বার্থে কির্চনার কীভাবে ফুটবলকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করেন, তার একটি চমত্কার নজির উল্লেখ করা যায়। টেলিভিশনে জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠানের পূর্বনির্ধারিত সময় খেলা শুরু ও তা সম্প্রচারের সূচি চাপিয়ে দিয়েছেন তিনি। সমালোচকদের দাবি, কির্চনারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিজের সমালোচনা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফুটবলে বুঁদ করে রাখা।