বিশ্বকে বদলে দেওয়ার ঘটনা স্মরণ করলেন বিশ্বনেতারা

৬ জুন, ১৯৪৪ সাল৷ সাধারণভাবে ধরলে ২৪ ঘণ্টার একটি দিন মাত্র৷ তবে এই ২৪ ঘণ্টাই ঠিক করে দিয়েছিল বিশ্বের ভবিষ্যৎ৷ ‘বদলে’ দিয়েছিল বিশ্বকে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বকে বদলে দেওয়ার এদিনে যাঁরা প্রাণ দিয়েছিলেন, গতকাল শুক্রবার তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারা৷ ডি-ডের ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে নেতৃত্ব দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ৷ খবর বিবিসি ও এএফপির৷
ওলাঁদ ফ্রান্সের নরম্যান্ডির বাইয়ু শহরে ৬ জুনের যুদ্ধে অংশ নেওয়া সেনাদের একটি অনুষ্ঠানে অংশ নেন৷ সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতারা নরম্যান্ডির উইস্ত্রোম সৈকতে জড়ো হন৷ এই সৈকতেই ডি-ডেতে মিত্রবাহিনীর সেনারা প্রথম অবতরণ করেছিলেন৷ নাৎসিদের দখলে থাকা ইউরোপে সেটাই ছিল মিত্রবাহিনীর অভিযানের প্রথম ধাপ৷ দিন শেষে মিত্রবাহিনী ফ্রান্সে দাঁড়ানোর মতো একটা অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়৷ মূলত ওই ঘটনাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটাতে সাহায্য করে৷
কোলভিল-সু-মের যুদ্ধ সমাধিতে দেওয়া এক ভাষণে ওলাঁদ বলেন, ডি-ডেতে অংশ নেওয়া প্রত্যেকেই ছিলেন একেকজন ‘হিরো’৷ ফ্রান্স তাঁদের ঋণ কখনোই ভুলবে না৷ একই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, স্বাধীনতা, সমতা এবং মানুষের সহজাত মর্যাদার বিষয়টি সেদিন ফ্রান্সের এই সৈকতগুলোতেই রক্তের আখরে লেখা হয়েছিল৷ এটা অনন্তকাল টিকে থাকবে৷
এর আগে কেইন শহরে একটি অনুষ্ঠানে ওলাঁদ বলেন, ‘এই দিনটি শুরু হয়েছিল বিশৃঙ্খলা আর গুলির মাধ্যমে...২৪ ঘণ্টা পর শেষ হয়েছিল কান্না আর আনন্দে৷ দিনটি পুরো বিশ্বকেই বদলে দিয়েছিল৷’
স্মরণানুষ্ঠানে ওলাঁদ, ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন বিশ্বনেতার পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, রাশিয়াসহ তৎকালীন মিত্রবাহিনীভুক্ত বিভিন্ন দেশের এক হাজার ৮০০ প্রবীণ সেনাসদস্য অংশ নেন৷