বিশ্বজুড়ে জীববৈচিত্র্য ধ্বংস করছে আগ্রাসী প্রজাতি
গাছপালা বা পশুপাখির যেকোনো প্রজাতি ভিন্ন পরিবেশ থেকে এনে বিস্তার ঘটাতে দিলে কালক্রমে তা হয়ে ওঠে আগ্রাসী প্রজাতি। স্থানীয় প্রজাতিদের জায়গা দখল করে সেগুলোকে বিপন্ন করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এ ধরনের আগ্রাসী প্রজাতিগুলোও আজকের পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপত্তিগুলোর অন্যতম। খবর এএফপির।
কয়েক দশক আগেও দক্ষিণ আমেরিকার দেশ চিলি ও আর্জেন্টিনার মধ্যবর্তী পাটাগোনিয়ায় বিবর (উদ-জাতীয় লোমশ জন্তু) ছিল না। বিবরের গায়ের পশমের ব্যবসার জন্য মাত্র ২০ জোড়া বিবর এনে ছেড়ে দেওয়া হয়েছিল এলাকায়। পাটাগোনিয়া ছাড়িয়ে বিবর ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার নানা প্রান্তে। সেই বিশ জোড়া থেকে লাখ লাখ বিবর গোটা দক্ষিণ আমেরিকার পরিবেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এদের নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে উঠেছে। দরকারি-অদরকারি গাছ নির্বিচারে দাঁত দিয়ে কেটে বিস্তীর্ণ এলাকার বন ধ্বংস করে দিচ্ছে বিবর। তবে আদি নিবাস উত্তর আমেরিকা ও ইউরোপে এই প্রাণী ক্ষতির কোনো কারণ হিসেবে দেখা দেয়নি। সেখানে তাদের উপযোগী গাছপালা আছে। কিন্তু পাটাগোনিয়ায় তেমন গাছ নেই। তেমনি নেই বিবর মেরে সংখ্যা নিয়ন্ত্রণে রাখার মতো ভালুক বা নেকড়েও।
চিলির হুইলো হুইলো সংরক্ষিত বনে আগ্রাসী প্রজাতির প্রাণী ও গাছের বিস্তার রোধে গত মাসে বেশ কয়েকজন প্রজাতি বিশেষজ্ঞ বৈঠক করেন। ইউনিভার্সিটি অব চিলির এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে ১১৯ ধরনের আগ্রাসী প্রজাতি আছে। এর মধ্যে অন্তত ২৭টি প্রজাতি জীববৈচিত্র্যের জন্য ব্যাপক হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর মধ্যে আছে ইউরোপীয় বোলতা, বুনো শূকর ও লাল হরিণ।
গ্লোবাল এনভায়রনমেন্ট ফান্ডের (জিইএফ) প্রকল্প সমন্বয়কারী ফার্নান্দো বেরিসউইল বলেন, ‘আমরা জীববৈচিত্র্য হারানোর ফলে অনন্য সব দেশীয় প্রজাতি হারিয়ে ফেলছি। কোনো ফুল পছন্দ হলেই আমরা তার চারা নিয়ে বাগানে লাগিয়ে দিই। এই কাজ ভবিষ্যতে ভয়াবহ ফল বয়ে আনতে পারে। চিলিতে এমনটাই ঘটেছে।’
বেরিসউইল জানান, ব্ল্যাকবেরির ব্যাপক বিস্তারে অন্য গাছগুলোর সালোক সংশ্লেষণ-প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বেরিসউইল আরও জানান, এটি তাঁদের জন্য মৃত্যুর বার্তা নিয়ে এসেছে।
ইকুয়েডরের গ্যালাপাগোস ন্যাশনাল পার্কের প্রশাসক ভিক্টর ক্যারিয়ন জানান, জলবায়ু পরিবর্তনের ফলে আগ্রাসী প্রজাতি কয়েকটি দেশীয় প্রজাতির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
আগ্রাসী প্রজাতিকে যতই দোষ দেওয়া হোক, এ থেকে সৃষ্ট ক্ষতির কারণ কিন্তু শেষ বিচারে মানুষ। কেননা, মানুষই এদের নিয়ে আসে ভিন্ন পরিবেশে। ইউরোপীয়রা যখন প্রথম দক্ষিণ আমেরিকায় এসেছিল, তখন তারা বিভিন্ন দ্বীপে ছাগল ছেড়ে দেয়। ভবিষ্যতের ভ্রমণের সময় খাদ্যের চাহিদা মিটবে, এ প্রত্যাশায় তা করা হয়। কিন্তু ছাগলগুলো গাছপালা খেয়ে ফেলে। ফলে বাড়ে নদীভাঙন, প্রতিবেশে আসে পরিবর্তন।
ভিক্টর ক্যারিয়ন জানান, কয়েক শতাব্দী পর গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের দুই লাখ ৭০ হাজারের বেশি ছাগল এবং বাইরে থেকে আসা প্রজাতির বিড়াল, বানর ও ইঁদুর মেরে ফেলা হয়।