পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জুন। এ উপলক্ষে বিশ্বজুড়ে চলছে নানা আয়োজন। যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, ভারতসহ বহু দেশে তাঁর ভক্তরা দিনটিকে নানাভাবে পালন করতে যাচ্ছেন। জ্যাকসন যেখানে শৈশব কাটিয়েছেন, সেই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারিতে অবস্থিত তাঁদের পুরোনো বাড়ির সামনে আজ তাঁর একটি মূর্তি উন্মোচন করা হবে। মূর্তি উন্মোচন করবেন তাঁর মা ক্যাথরিন জ্যাকসন। অগণিত মোমবাতি জ্বালিয়ে তাঁর প্রতি সম্মান জানানোর পাশাপাশি সেখানে অনুষ্ঠিত হবে এক স্মরণসভা। এই বাড়িতে পাঁচ ভাইকে নিয়ে গঠিত ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডদলের মধ্য দিয়েই শুরু হয় মাইকেলের সংগীতজীবন। ধারণা করা হচ্ছে, আজ বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বাড়িতেই নিভৃতে কাটাবে মাইকেলের মেয়ে প্যারিস এবং ছেলে প্রিন্স ও ব্লাঙ্কেট। মাইকেলের গাওয়া ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গানটির মধ্য দিয়ে স্মরণসভার সমাপ্তি টানা হবে। ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলে যেখানে পপসম্রাটকে সমাহিত করা হয়েছে, সেই ফরেস্ট লন সমাধিতে অসংখ্য ভক্ত-অনুরাগী তাঁকে শ্রদ্ধা জানাতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। আজ নিউইয়র্কে মাদাম তুসোর জাদুঘরে তাঁর সংগীতজীবনের বিভিন্ন সময়ের ভাস্কর্য উদ্বোধন করা হবে। মাইকেলের বাবা জো জ্যাকসন কাল শনিবার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলে একটি হোটেলে ‘ফরএভার মাইকেল’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছেন। এ অনুষ্ঠানে গান গাইবে ব্যান্ডদল চি লাইটস্ ও মাইকেলের এক ভাগ্নি। মা ক্যাথরিন জ্যাকসন ওই অনুষ্ঠানের জন্য শুভ কামনা জানিয়েছেন।এ ছাড়া এনবিসি টেলিভিশনে আজ এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে ছেলে সম্পর্কে স্মৃতিচারণা করবেন ক্যাথরিন জ্যাকসন। সম্প্রতি সোনিয়া লোয়ি নামের এক লেখিকার সহায়তা নিয়ে ক্যাথরিন মাইকেল জ্যাকসন: এ মাদার্স স্টোরি শিরোনামে একটি আত্মজীবনীমূলক বই লিখেছেন। এনবিসির ওই অনুষ্ঠানে ক্যাথরিনের সাক্ষাৎকার নেবেন লেখিকা সোনিয়া লোয়ি।ডেট্রয়েটে মো টাউন হিস্টোরিক্যাল মিউজিয়ামে মাইকেল জ্যাকসনের ব্যবহার্য পোশাক, পুরস্কার হিসেবে পাওয়া পদক এবং তাঁর বিভিন্ন সময়ের ছবির প্রদর্শনী হবে। প্রিয় পপতারকাকে শ্রদ্ধা জানিয়ে লেখা গানের একটি অ্যালবামও সেখানে প্রকাশ করা হবে। হলিউডের যোগসাধনার গুরু বিক্রম চৌধুরীর স্ত্রী রাজশ্রী চৌধুরী এবং বলিউডের অন্যতম সুরকার ও শিল্পী বাপ্পী লাহিড়ি আজ জ্যাকসনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুটি গান প্রকাশ করতে যাচ্ছেন। এর একটি গানের শিরোনাম ‘ডোন্ট সে গুডবাই’, অন্যটির শিরোনাম ‘মাইকেল ও মাইকেল’। মাইকেল জ্যাকসনের ভাই জ্যাকি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।জাপানের রাজধানী টোকিওতে ভক্তরা তাঁর স্মৃতিচিহ্নের কাছে সময় কাটাবেন। থাইল্যান্ডেও ভক্তরা আজ সংগীতের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাবেন বলে কথা রয়েছে। সিবিএস নিউজ ও ডেইলি নিউজ অনলাইন।