বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ
নারীর অধিকার রক্ষায় গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হয় ওয়ান বিলিয়ন রাইজিং নামের অভিযান। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার প্রেক্ষাপটে দিনব্যাপী এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল বিশ্বব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ।দিনটিতে বিশ্বের ২০০টি দেশে সমাবেশ, শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণের ঘটনায় ভারতের নয়াদিল্লিতে যেখানে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ কর্মসূচি শুরু করেছিল, গতকাল সেখানে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ শীর্ষক কর্মসূচি পালিত হয়। অংশগ্রহণকারীরা জানান, তাঁরা দিনটিকে নারী নির্যাতনের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে ভারতের সরকারকে চাপ দেওয়ার জন্য কাজে লাগাবেন। দিনব্যাপী কর্মসূচি যেসব শহরে গতকাল প্রথমে শুরু করা হয় তার মধ্যে রয়েছে সিডনি, সিঙ্গাপুর ও ম্যানিলা।ওয়ান বিলিয়ন রাইজিং অভিযানের প্রতিষ্ঠাতা হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাট্যকার ও বিখ্যাত নারীবাদী কর্মী ইভ এনসলার। অভিযানের অংশ হিসেবে এক বিলিয়ন (১০০ কোটি) মানুষকে সহিংসতার বিরুদ্ধে অপর এক বিলিয়ন নারীর পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এই এক বিলিয়ন নারী হচ্ছেন বিশ্বের মোট নারীর এক-তৃতীয়াংশ যাঁরা তাঁদের জীবদ্দশায় হয় ধর্ষণ না হয় মারধরের শিকার হবেন। এএফপি।