যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতারা ও জনগণ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে যেমন ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন তেমনি অনেক মানুষ তাঁর নেতৃত্বের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন।
চীন ট্রাম্পের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছে। ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশী মেক্সিকোর জনগণ। রাশিয়ার অধিকাংশ মানুষ ট্রাম্পের জয়কে উদ্যাপনের মনোভাব থেকে দেখছে। এ ছাড়া জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ইরান, তাইওয়ান, ইসরায়েল-ফিলিস্তিনি ভূখণ্ডসহ বহু দেশের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে।
রাশিয়া: ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সবচেয়ে বেশি উদ্যাপন করছে রাশিয়ার জনগণ। মস্কোয় অনেক উপহার সামগ্রীর দোকানে তাঁর ছবি-সংবলিত স্মারক মুদ্রা, মগ ইত্যাদি বিক্রি হতে দেখা গেছে। মারিয়া নামের একজন জাতীয়তাবাদী কর্মী বলেন, তাঁদের নেতা পুতিনের মতোই ট্রাম্প প্রচলিত রীতির বিরুদ্ধে সংগ্রাম করতে জানেন।
যুক্তরাজ্য: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন টুইটারে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তবে লিবারেল ডেমোক্রেটিক নেতা টিম ফ্যারোন ট্রাম্পের এই হোয়াইট হাউস যাত্রাকে ‘স্মরণকালের সবচেয়ে জঘন্য ও অশ্লীল’ দৃশ্য বলে আখ্যায়িত করেছেন। লন্ডনে টাওয়ার ব্রিজের সংলগ্ন এলাকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।
চীন: চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস তাদের সম্পাদকীয়তে বলেছে, ‘সন্দেহাতীতভাবেই ট্রাম্প প্রশাসন তার দোরগোড়ায় এবং বিশ্বের অনেক জায়গায় আগুন লাগাবে। তারা যে চীনের দিকে কখন মোড় নেয়!’ এই পত্রিকার বক্তব্যকে চীন সরকারের মনোভাবের প্রতিফলন হিসেবে ধরা হয়।
মেক্সিকো: ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। একই সঙ্গে তিনি বলেছেন, মেক্সিকোর সার্বভৌমত্ব ইস্যুতে নতুন মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি কেমন হবে তার ওপর দুই দেশের সম্পর্ক গতি নির্ভর করছে। শুক্রবারের পর গতকাল শনিবারও মেক্সিকো সিটিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।
জার্মানি: জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গাবরিয়েল স্থানীয় একটি সম্প্রচারমাধ্যমকে বলেছেন, ট্রাম্পের বক্তৃতায় তিনি কড়া ‘জাতীয়তাবাদী সুর’ লক্ষ করেছেন। তিনি মনে করেন ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এখন অনেক শর্তের মুখে পড়বে।
বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট এলাকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। সেখানে যোগ দেওয়া বিক্ষোভকারী মার্গারেট হাইডাস মনে করেন, ট্রাম্প ইউরোপের জন্য একজন ভয়ানক লোক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আবার প্লাৎস স্কয়ারে ট্রাম্পের পক্ষেও কিছু লোক উল্লাস প্রকাশ করেছেন।
ফ্রান্স: ট্রাম্প শপথ নেওয়ার খানিক আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সাংবাদিকদের কাছে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, ‘আমার সহকর্মী শপথ নিচ্ছেন।’ সেখানে তিনি ট্রাম্পের সংরক্ষণবাদী মনোভাবের সমালোচনা করেন।
তাইওয়ান: তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েন টুইটারে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ‘এক চীন’ নীতি উপেক্ষা করে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলায় ইতিমধ্যেই চীনের নেতাদের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব শুরু হয়েছে।