বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কমছে: অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের হার কমেছে। গত বছর বিশ্বের প্রতি ১০টি দেশের মধ্যে মাত্র একটি দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ভারত, জাপান, পাকিস্তান ও গাম্বিয়ায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। চীন, ইরান, ইরাক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি বলেন, বিশ্বের বেশির ভাগ দেশে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এখন অতীতের বিষয়ে পরিণত হচ্ছে।ইরাকে মৃত্যুদণ্ড কার্যকর করার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের তথ্য অনুযায়ী, ২০১১ সালে দেশটিতে ৬৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১২ সালে তা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে। সংগঠনটির তথ্যমতে, গত বছর ইরানে কমপক্ষে ৩১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। আর সৌদি আরবে ৭৯ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৪৩।চীনে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা কার্যকর হয়, তার পরিসংখ্যান পায়নি অ্যামনেস্টি। বিবিসি।