বিশ্বজুড়ে ‘ভালোবাসা দিবস’ উদ্যাপনের প্রস্তুতি
মোহাম্মদ আসিফ। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের প্রকৌশলের ছাত্র। ওই তরুণ চার বছর ধরে মনের কোণে লুকিয়ে রেখেছেন এক তরুণীকে। কিন্তু মনের কথাটি এত দিন প্রকাশ করতে পারেননি তাঁর কাছে। এবারের ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি। ভালোবাসার মানুষটির কাছে এবার তিনি মনের গোপন কথাটি প্রকাশ করবেনই।আসিফের মতো পেশোয়ারের হাজারও তরুণ জানিয়েছেন, তারা তালেবানের আত্মঘাতী বোমাবাজের রক্তচক্ষু উপেক্ষা করে ‘ভালোবাসার দিনটি’ বরণের অপেক্ষায় আছেন। আসিফ বলেন, ‘ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য আমি কার্ড ও চকলেট কিনেছি। এতে সে বুঝতে পারবে, আমি তাঁকে কতটা ভালোবাসি। এটা মনের অপ্রকাশিত অনুভূতি প্রকাশের দিন।’স্বামীকে উপহার দেওয়ার জন্য পারফিউম ও চকলেট কিনেছেন পেশোয়ারের গৃহবধূ শামা আমির। ভ্যালেন্টাইনস ডে তাঁর কাছে অন্য রকম একটি দিন, ভালোবাসার দিন। তাঁর মতে, এ দিনটি শুধু প্রেমিক-প্রেমিকারই নয়, এটি সবার জন্যই হওয়া উচিত। কারণ, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়।কিন্তু এতটুকু স্বস্তিতে নেই সৌদি আরবের তরুণেরা। ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ বিভাগ। ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত কোনো ধরনের পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের হুঁশিয়ারও করে দিয়েছে তারা।এ ক্ষেত্রে অনেক ভাগ্যবান বলতে হবে ফিলিপাইনের প্রেমিকদের। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রিয়জনের জন্য ফুল কিনতে গিয়ে বিনা পয়সায় জুটছে কনডম। ভ্যালেন্টাইনস ডের আগের দিন ম্যানিলার পাইকারি ফুল বাজারে তাঁবু গেঁড়ে বসেছে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ। সেখানে প্রেমিকদের বিনা পয়সায় কনডম দিচ্ছে তারা।ভ্যালেন্টাইনস ডে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার তরুণ-তরুণীরাও। কিন্তু দেশটির মুসলিম নেতারা বিশ্ববাসীকে সেন্ট ভ্যালেন্টাইনস ডে বয়কট করার আহ্বান জানিয়েছেন।এভাবেই দামেস্ক থেকে কাসাব্লাঙ্কা, বিশ্বজুড়ে তরুণেরা নিচ্ছেন ভ্যালেন্টাইনস ডে উদ্যাপনের প্রস্তুতি। দিবসটি উপলক্ষে দেশে দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এএফপি ও দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস।