২০১৫ সালে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির অবনতি ঘটেছে; বিশেষত আমেরিকায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম নিয়ে গতকাল বুধবার রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত বার্ষিক সূচকে এ কথা বলা হয়।
বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক এই সংগঠন এ-সংক্রান্ত তাদের প্রতিবেদনে ‘অপপ্রচারের এক নতুন যুগের সূচনা’ হওয়ার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, স্বনিয়ন্ত্রণ, আইনের শাসন, স্বচ্ছতা ও অপব্যবহার—এ বিষয়গুলোকে পরিমাপক হিসেবে ধরে ১৮০টি দেশের ওপর তৈরি করা হয় এই সূচক।
এ বছরের এই প্রতিবেদনে গণমাধ্যমের ক্ষেত্রে আতঙ্কের পরিবেশের ব্যাপারে সতর্ক করে বলা হয়, ‘বিশ্বনেতারা বৈধ সাংবাদিকতা নিয়ে একধরনের নির্যাতনমূলক ভীতি বা মানসিক বৈকল্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন।’
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের মহাসচিব ক্রিস্টোফা ডিলয়ার বলেন, বিশ্বের সব অংশেই গণমাধ্যমের স্বাধীনতায় ভাটা পড়েছে। এ নিয়ে বিশেষ উদ্বেগের স্থানটিতে রয়েছে লাতিন আমেরিকার দেশগুলো। তিনি বলেন, সূচকের সবগুলো পরিমাপকে অবনতি দেখা গেছে। অনেক দেশের সরকারই মাত্রা ছাড়ানো প্রকাশ্য বিতর্কের ভয়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
ক্রিস্টোফা ডিলয়ার আরও বলেন, নতুন প্রযুক্তির কারণে এখন জনগণের দ্বারে সরাসরি পৌঁছানো ক্ষমতাসীনদের জন্য ক্রমে সহজ হয়ে উঠছে। এতে যাঁরাই স্বাধীন বা নিরপেক্ষভাবে তথ্য সরবরাহ করছেন, তাঁদের বিরুদ্ধে সহিংসতার (যেমন, এসএমএসের মাধ্যমে ভয়ভীতি) মাত্রা আরও বাড়ছে। তিনি বলেন, ‘আমরা অপপ্রচারের এক নতুন যুগে প্রবেশ করছি; যেখানে নতুন প্রযুক্তি এই ক্ষমতাসীনদের স্বল্প খরচে নিজেদের নির্দেশমতো তথ্য প্রচারের সুযোগ করে দিচ্ছে।’
বিশেষভাবে লাতিন আমেরিকায় এ পরিস্থিতি শেকড় গেঁড়েছে উল্লেখ করা হয়।
সূচকে স্থান পাওয়া ১৮০টি দেশের মধ্যে ১৭৭ নম্বরে আছে গৃহযুদ্ধকবলিত সিরিয়া। এর পরেই আছে চীন (১৭৬)। কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার অবস্থান ১৭৯তম। আর সবার শেষে ইরিত্রিয়া। জাপান নেমে দাঁড়িয়েছে ৭২তম স্থানে। জাপানের মতো ফ্রান্সের অবস্থানও খারাপ হয়েছে। সাত ধাপ নেমে দেশটির অবস্থান এখন ৪৫তম। আর টানা ছয় বছরের মতো শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড। এরপরে আছে যথাক্রমে নেদারল্যান্ডস ও নরওয়ে।