বিশ্বনেতাদের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন চাভেজের মৃত্যুতে তাঁর পরিবার, ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ চাভেজকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে ইরানে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরকারি এক বিবৃতিতে বলা হয়, ‘ফিদেল কাস্ত্রোর ছেলের মতো তাঁর পাশে ছিলেন চাভেজ।’ চাভেজের মৃত্যুতে কিউবায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেন, ‘আমরা ব্যথিত। শুধু ভেনেজুয়েলার মানুষেরই নয়, পুরো লাতিন আমেরিকার মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’ বলিভিয়ায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। চাভেজের মৃত্যুর খবর শুনে নিজের সব কর্মসূচি স্থগিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেন, চাভেজের মৃত্যু পুরো লাতিন ও মধ্য আমেরিকার মানুষকে শোকাহত করেছে। চাভেজ সন্দেহাতীতভাবে তাঁর দেশ ও লাতিন আমেরিকার জনগণের জীবনের উন্নয়নের জন্য একজন প্রতিজ্ঞাবদ্ধ নেতা ছিলেন।হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলা যে কঠিন সময় পার করছে, এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘তিনি ১৪ বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নিজের ছাপ রেখে গেছেন।’জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন চাভেজের মৃত্যুকে ‘ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, চাভেজ তাঁর দেশ, লাতিন আমেরিকা ও সমগ্র বিশ্বের জন্য একজন অসাধারণ রাজনীতিবিদ ছিলেন।চীন বলেছে, চাভেজের মৃত্যুতে চীনা জনগণ একজন ভালো বন্ধুকে হারাল। পেরুর প্রেসিডেন্ট ওলান্তা উমালা চাভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পেরুর কংগ্রেসে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস বলেন, ‘চাভেজের সঙ্গে আমাদের নানা বিষয়ে মতানৈক্য ছিল। তা সত্ত্বেও আমার সরকার ভেনেজুয়েলা ও কলম্বিয়ার জনগণের উন্নয়নে একসঙ্গে কাজ করতে শুরু থেকে বদ্ধপরিকর ছিল।’ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ন্যায় ও উন্নতির জন্য চাভেজের যে আকাঙ্ক্ষা, তা ছিল অনস্বীকার্য। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ভেনেজুয়েলা গণতন্ত্র ও স্থিতিশীলতার পরীক্ষায় উতরে যাবে।’ এএফপি ও বিবিসি।