যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরি প্রথমবারের মতো ফোনে বিশ্বনেতাদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে রয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারাও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা গত রোববার এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের সিনেটের বিদেশ সম্পর্কবিষয়ক কমিটির সাবেক প্রধান কেরি গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হন।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, আমেরিকার নতুন শীর্ষ কূটনীতিক কেরি গত শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে কথা বলেছেন। রোববার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেন।নুল্যান্ড জানান, কথোপকথনের সময় নেতানিয়াহু তাঁর নতুন মন্ত্রিসভা গঠনে কাজ করার বিষয়ে কেরিকে জানিয়েছেন। আর কেরি ‘ইসরায়েলের নিরাপত্তা এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠায় তাঁর ব্যক্তিগত প্রতিশ্রুতি ও প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনের বিষয়ে’ আলোকপাত করেছেন। তিনি আরও জানান, আব্বাসের সঙ্গে কথা বলার সময় কেরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য কংগ্রেস থেকে বাজেট-সহায়তা ছাড় করানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং কর ছাড় করার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরেন। ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সংগৃহীত ১০০ মিলিয়ন ডলারের ওই ট্যারিফ ও কর গত সপ্তাহে ছাড় করে।এ ছাড়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগুলু, কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বায়ার্ড ও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হোসে অ্যান্টোনিওর সঙ্গেও কথা বলেছেন কেরি। নেতাদের সঙ্গে কথা বলার সময় কেরি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এএফপি।