বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ব্রেইভিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের আলোচিত গণহত্যাকারী অ্যান্ডার্স ব্রেইভিক অসলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রেইভিকের আবেদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা।
উগ্র জাতীয়তাবাদী ব্রেইভিক ২০১১ সালের ২২ জুলাই অসলো ও উটোয়া দ্বীপে দুটি ঘটনায় বোমা মেরে ও গুলি ছুড়ে কিশোর-তরুণসহ ৭৭ জনকে হত্যা করেন। এ ঘটনায় তাঁকে ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অসলোর অদূরে একটি কারাগারে সেই সাজা ভোগ করছেন তিনি।
অসলো বিশ্ববিদ্যালয়ে ব্রেইভিকের ভর্তির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান ওলে পিটার ওটারসেন। তিনি জানান, ভর্তি করা হবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অসলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রাথমিক যোগ্যতা পূরণে ব্যর্থ হতে পারেন ব্রেইভিক। কারণ, তিনি মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেননি। বিবিসি।