বিশ্ববিদ্যালয় ভবনে আগুন দিল ব্রাদারহুড সমর্থকেরা

মিসরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার মুসলিম ব্রাদারহুডের সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে আগুন ধরিয়ে দেয় ব্রাদারহুডের সমর্থকেরা। সংঘর্ষে সংগঠনটির এক কর্মী নিহত হন বলে ব্রাদারহুড দাবি করেছে।
দেশব্যাপী সহিংসতায় পাঁচজন নিহত এবং ২৬৫ জনকে গ্রেপ্তার করার এক দিনের মাথায় এ ঘটনা ঘটল। গত শুক্রবার মিসরের সেনাসমর্থিত সরকার মুসলিম ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এরপর সংগঠনটির ওপর নতুন করে ধরপাকড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরাম জানায়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গতকাল পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ক্যাম্পাসে গেলে ব্রাদারহুডের সমর্থকেরা তাঁদের বাধা দেয়। তখনই শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে বিক্ষোভকারীরাও ইট ছোড়ে এবং টায়ারে আগুন জ্বালায়।
রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও কৃষি অনুষদের ভবন দুটি থেকে ধোঁয়া উড়ছে। খবরে বলা হয়, ‘সন্ত্রাসী ছাত্ররা’ ভবন দুটিতে আগুন ধরিয়ে দেন। দমকলকর্মীরা আগুন নেভান। ব্রাদারহুডপন্থী শাইমা মুনীর বলেন, মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে ছাত্ররা আন্দোলনে নেমেছেন। এএফপি ও রয়টার্স।