বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কেউ পাস করেননি!
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষায় একজন প্রার্থীও পাস করেননি। ফলে ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী ছাড়াই নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। দেশের রাষ্ট্র পরিচালিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় ভর্তির জন্য এ বছর প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেন। তাঁদের কেউই পাস করেননি। শিক্ষায়তনটির একজন কর্মকর্তা বলেন, ওই পরীক্ষার্থীদের মৌলিক ইংরেজি-জ্ঞানের অভাব রয়েছে। উল্লেখ্য, দেশটির সরকারিকাজের ভাষা ইংরেজি। ফলাফলে এ ধরনের বিপর্যয়ের ব্যাপারটি বিশ্বাস করা কঠিন বলে বলে মন্তব্য করেছেন দেশটির শিক্ষামন্ত্রী এটমোনিয়া ডেভিড-টারেফ। মন্ত্রী বলেন, এই ফল নিয়ে তাঁর মনে সন্দেহ রয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তবে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মমোদু গেটাওয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেগে প্রভাবিত না হয়ে তাদের সিদ্ধান্ত বহাল রাখবে। ইংরেজির দুর্বলতা দূর করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। যুদ্ধ শেষ হয়েছে ১০ বছর আগে। এখন সেই স্মৃতি পেছনে ফেলে বাস্তববাদী হতে হবে। লাইবেরিয়া এক দশক আগে সমাপ্ত ভয়াবহ গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। দেশটির প্রেসিডেন্ট জনসন সারলিফ সম্প্রতি স্বীকার করেন, তাঁর দেশের শিক্ষাব্যবস্থা এখনো বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। লাইবেরিয়ার অনেক বিদ্যালয়ে শিক্ষার মৌলিক উপকরণের প্রয়োজনীয় সরবরাহ নেই। শিক্ষকদের যোগ্যতায়ও ঘাটতি রয়েছে। তবে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবাই একসঙ্গে অকৃতকার্য হওয়ার ঘটনা এটিই প্রথম। ওই পরীক্ষার্থীদের প্রত্যেকে ফি হিসেবে ২৫ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জমা দিয়েছিলেন। বিবিসি।