বিশ্ববিদ্যালয় ‘রাজনৈতিক প্রভাবমুক্ত’ রাখতে পশ্চিমবঙ্গে বিল পাস
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভায় ওই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘রাজনৈতিক প্রভাবমুক্ত’ করতে বিশ্ববিদ্যালয় পরিচালনাসংক্রান্ত একটি নতুন আইন পাস হয়েছে। সরকার বলছে, বিগত বামফ্রন্ট আমলে বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনায় ব্যাপক দলতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অবস্থা পাল্টাতেই এই নতুন আইন।গত শুক্রবার বিধানসভায় পাস হওয়া নতুন আইনটিতে মুখ্য বিষয় হিসেবে উঠে এসেছে, উপাচার্যদের নিয়োগ ও বরখাস্তসংক্রান্ত নিয়মনীতি এবং পরিচালনব্যবস্থায় ছাত্র প্রতিনিধি না রাখার বিষয়টি। এত দিন বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিগুলো উপাচার্য বাছাই করত। কিন্তু নতুন আইনে তিন সদস্যের কমিটি আবেদনকারীদের মধ্য থেকে উপাচার্য বেছে নেবে। পুরোনো আইনে উপাচার্যকে সরিয়ে দেওয়ার কোনো নিয়ম ছিল না। নতুন আইন অনুযায়ী তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে বা কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখালে বিশ্ববিদ্যালয়ের আচার্য নিজে বিষয়গুলো খতিয়ে দেখে উপাচার্যকে বরখাস্ত করতে পারবেন।একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোর্ট-কাউন্সিলে (সিনেট-সিন্ডিকেট) শিক্ষার্থী বা সাবেক শিক্ষার্থী প্রতিনিধি থাকার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের রাজনীতি করার সুযোগ থাকছে আগের মতোই। রাজ্যের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টিতে এই আইন কার্যকর করা হবে।পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান কমে যাওয়ার কারণ হিসেবে ছাত্র ও শিক্ষক-রাজনীতিকে দায়ী করে গত অক্টোবরেই একটি অধ্যাদেশ জারি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে আনুষ্ঠানিক বিল এনে শুক্রবার তা বিধানসভায় পাস করা হলো।তবে বিশ্লেষকেরা মনে করছেন, রাজ্যে তিন দশকের বাম শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোয় কমিউনিস্ট দলগুলোর যে প্রভাব তৈরি হয়েছে, তার মূলোৎপাটনই মমতার এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য। নতুন আইনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে উপাচার্যের হাতে। এই উপাচার্যকে হতে হবে রাজনীতি থেকে দূরে থাকা একজন ‘শিক্ষাব্রতী’। বিবিসি।