বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার কোর্স!
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার ওপর বিশেষ কোর্স চালু করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার গতকাল রোববার বলেন, আগামী জানুয়ারি থেকে কোর্সটি চালু হবে। ‘ভালোবাসা’ কোর্সটি পড়াবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। এতে মূলত ভালোবাসার তাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করা হবে।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ নানা বিষয় পড়ানোর জন্য গত মাসে একটি উদ্যোগ নেওয়া হয়। এতে শিক্ষার্থীরা মূল বিষয়ের পাশাপাশি ভিন্ন বিভাগের কোর্সও পড়ার সুযোগ পাবেন। যেমন বিজ্ঞানের একজন শিক্ষার্থী এখন ইচ্ছে করলে মানবিক বিভাগের কোর্স নিতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সোমক রায়চৌধুরী বলেন, প্রথাগত ব্যবস্থায় সম্মান (অনার্স) শ্রেণীর শিক্ষার্থীকে দুটি বাড়তি (পাস) বিষয় পড়তে হয়। সাধারণত এই দুটি বিষয় তাঁরা অনাগ্রহ নিয়ে পড়েন। তাই জোর করে এসব বিষয় পড়ানোর পরিবর্তে তাঁদের জন্য আকর্ষণীয় ১০টি বিষয়ের একটি তালিকা করা হয়েছে। ভালোবাসাসংক্রান্ত কোর্সটি উন্মুক্ত রাখা হয়েছে যেকোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য। আইএএনএস।