বিশ্বব্যাংকের চ্যালেঞ্জ হয়ে আসছে নতুন ব্যাংক
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ জাতির ব্রিকস (বিআরআইসিএস) শীর্ষ সম্মেলনের বৈঠকে মঙ্গলবার এ অর্থনৈতিক জোটের প্রতিনিধিরা একটি নতুন ‘উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠায় একমত হয়েছেন। জোটের সদস্যদেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী প্রভিন গর্ধান বলেন, বিশ্বব্যাংকের মতো পশ্চিমা-সমর্থিত প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। পাঁচটি দেশের অর্থমন্ত্রীদের ওই বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।বন্দরনগর ডারবানে বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বলেন, ‘আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছে। নেতারা এখন এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’ এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ব্যাংকটির মূল লক্ষ্য হবে অবকাঠামো খাতে বরাদ্দ নিশ্চিত করা। বিশ্বব্যাংক এ সমস্যা নিয়ে সাত দশক ধরে হিমশিম খাচ্ছে।চার বছর আগে যাত্রা শুরু করেছিল ব্রিকস। এবারই সদস্যরাষ্ট্রগুলো প্রথমবারের মতো দর-কষাকষি ও বিতর্কের পর এমন একটি বিষয়ে একমত হতে পেরেছে। কার্যকর পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে সমতাভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ব্রিকস গোষ্ঠীর লক্ষ্য।ব্রিকসের দেশগুলো বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশ এবং মোট জনসংখ্যার ৪০ শতাংশের মালিক। কিন্তু সদস্যরাষ্ট্রগুলো বলছে, তাদের সক্ষমতা বৃদ্ধির হার অনুযায়ী বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও নিরাপত্তা পরিষদ নিজ নিজ অবস্থান বদলায়নি।ব্রিকসের সঙ্গে যুক্ত একজন ভারতীয় কূটনীতিক জানান, এমন অনেক বিষয় আছে, যেসব বিষয়ে পরে আলোচনা করতে হবে। এবার নেতারা অন্তত একটি খসড়া চুক্তিতে পৌঁছাতে চান। ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আলেকসান্দ্রে তমবিনি বলেন, মুদ্রা বিনিময়ের সীমা নির্ধারণ নিয়ে চুক্তি স্বাক্ষরবিষয়ক আলোচনাও বেশ এগিয়েছে। প্রাথমিকভাবে সদস্যরাষ্ট্রগুলো ১০ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠন করবে। তারল্যসহ বিভিন্ন সংকট মোকাবিলায় এবং বাণিজ্যে উৎসাহ দিতে এ তহবিল ব্যবহার করা হবে।বিশ্লেষকেরা বলছেন, এত দিন যারা বলছিল ব্রিকস হলো হতাশ দেশগুলোর বকবকানির দোকান, নতুন চুক্তি তাদের চোখে আঙুল দিয়ে ভিন্ন কিছু দেখিয়ে দিতে শুরু করেছে। সদস্যরাষ্ট্রগুলো ব্রিকসকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, তা সদস্যদেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আগ্রহ থেকে বেশ বোঝা যায়। শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডারবান সম্মেলনে উপস্থিত থেকেছেন। গত সোমবার তানজানিয়ায় শি জিনপিং যে বক্তব্য দেন, তাতে তিনি আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহের কথা জানিয়েছেন।এর আগে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্যাংক অব সাউথ প্রতিষ্ঠা করা হয়। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর, বলিভিয়া ও ভেনেজুয়েলা ব্যাংকটির সদস্য। টাইমস অব ইন্ডিয়া।