বিশ্বব্যাপী অস্ত্রপ্রবাহ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*রপ্তানিতে ৩ নম্বরে উঠে এল চীন * যুক্তরাষ্ট্র ও রাশিয়া অস্ত্র ব্যবসায় আধিপত্য বাড়িয়েছে * বড় ক্রেতাদের তালিকায় ভারত, সৌদি, চীন ও ইউএই

সূত্র: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট/এএফপি
সূত্র: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট/এএফপি

চীন গত পাঁচ বছরে অস্ত্র রপ্তানির পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। ফ্রান্স ও জার্মানিকে পেছনে ফেলে এখন তারা বিশ্বের ৩ নম্বর অস্ত্র বিক্রেতা। ১ ও ২ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া অস্ত্র ব্যবসায় নিজেদের আধিপত্য আরও বাড়িয়েছে।
অন্যদিকে আমদানি বাড়িয়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্য। অস্ত্রের বড় ক্রেতাদের তালিকায় রয়েছে যথাক্রমে ভারত, সৌদি আরব, চীন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাম। সব মিলিয়ে গত পাঁচ বছরে বৈশ্বিক অস্ত্রপ্রবাহ অনেক বেড়েছে। সুইডেনভিত্তিক একটি নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নতুন গবেষণায় এসব কথা বলা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) গতকাল সোমবার এই প্রতিবেদন প্রকাশ করে। বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি নিয়ে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে পরিমাণ অস্ত্র আমদানি করেছে, আগের পাঁচ বছরের তুলনায় তা ২৫ শতাংশ কম। এটা ইঙ্গিত দেয়, বেইজিং ক্রমবর্ধমানভাবেই নিজস্ব কারখানায় উৎপাদিত অস্ত্রের ওপর আস্থা রাখছে। অন্যদিকে, ২০১১-১৫ মেয়াদে প্রধান প্রধান অস্ত্র (সবচেয়ে হালকা অস্ত্রশস্ত্র বাদে) রপ্তানি আগের পাঁচ বছরের তুলনায় ৮৮ শতাংশ বাড়িয়েছে বেইজিং।
এসআইপিআরআইয়ের অস্ত্র ও সামরিক ব্যয় বিভাগের জ্যেষ্ঠ গবেষক সাইমন ওয়েজেমান বলছেন, ১০ বছর আগে চীনারা কেবলই হালকা প্রযুক্তির সরঞ্জাম রপ্তানি করতে পারত। কিন্তু এখন তারা অধিকতর উন্নত মানের সরঞ্জাম বানাচ্ছে, যা বিশ্বের সবচেয়ে বড় বাজারগুলোর কয়েকটিকে আকৃষ্ট করতে পেরেছে।
তবে তারপরও অস্ত্র রপ্তানিতে এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে চীন। তৃতীয় অবস্থানে থাকা বেইজিংয়ের দখলে আছে বৈশ্বিক অস্ত্র রপ্তানির মাত্র ৫ দশমিক ৯ শতাংশ। ১ নম্বরে থাকা ওয়াশিংটনের দখলে বিশ্ববাজারের ৩৩ শতাংশ আর ২ নম্বরে থাকা মস্কোর দখলে ২৫ শতাংশ। ২০১১-১৫ মেয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যথাক্রমে তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ ২৭ ও ২৮ শতাংশ বাড়াতে পেরেছে। ফ্রান্স ও জার্মানির অস্ত্র ব্যবসা আরও সংকুচিত হয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে গেছে তারা। বর্তমানে তারা যথাক্রমে বৈশ্বিক অস্ত্র ব্যবসার ৫ দশমিক ৬ ও ৪ দশমিক ৭ শতাংশের প্রতিনিধি। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য (৪ দশমিক ৬ শতাংশ)।
প্রতিবেদন মোতাবেক, চীনা অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা এশিয়া ও ওশেনিয়ার দেশগুলো। এর মধ্যে পাকিস্তানই কেনে ৩৫ শতাংশ। এর পরের দুই অবস্থানে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। আর চীন এখনো যেসব অস্ত্র আমদানির ওপর নির্ভরশীল, তার মধ্যে রয়েছে বড় ধরনের পরিবহন বিমান ও হেলিকপ্টারের পাশাপাশি উড়োজাহাজ, যানবাহন ও জাহাজের ইঞ্জিন। মূলত রাশিয়ার কাছ থেকে এগুলো কিনে থাকে চীন।
প্রতিবেদন মোতাবেক, আন্তর্জাতিক অঙ্গনে প্রধান প্রধান অস্ত্র বিক্রি বা দানের পরিমাণ ২০১১-১৫ মেয়াদে আগের পাঁচ বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। এর বেশির ভাগই আবার করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র গেছে বিশ্বের ৯৬টি দেশে। এসআইপিআরআইয়ের অস্ত্র সামরিক ব্যয় বিভাগের পরিচালক অডি ফ্লিউরেন্ট বলেন, আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা যতই বেড়েছে, অস্ত্র সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান ততই পোক্ত হয়েছে। দেশটি গত পাঁচ বছরে অন্তত ৯৬টি দেশে প্রধান প্রধান অস্ত্র হয় বিক্রি করেছে, না হয় ‘অনুদান’ হিসেবে পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ৬০০টির বেশি অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গি বিমান। এসব মার্কিন অস্ত্রের বেশির ভাগই (৪১ শতাংশ) গেছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।