বিশ্বব্যাপী খাদ্যের দাম আরও বাড়তে পারে: এফএও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করে দিয়ে বলেছে, ভবিষ্যতে বিশ্বব্যাপী খাদ্যের দাম আরও বাড়তে পারে। এ জন্য বিভিন্ন দেশের সরকারকে বেশি করে খাদ্য নিয়ন্ত্রণ ও জরুরি মজুদের পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়ার আশঙ্কার মধ্যে এফএও গতকাল শুক্রবার সংস্থার সদর দপ্তর রোমে বিশেষ বৈঠক করে। বৈঠকে খরার কারণে রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি বন্ধের ঘোষণা এবং পাকিস্তান ও চীনে বন্যার কারণে খাদ্যের আন্তর্জাতিক বাজারে চাপ বাড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।খাদ্যের দাম বাড়ার কারণে এর মধ্যে মোজাম্বিকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটিতে ২০০৭-০৮ অর্থবছরের মতো এবারও খাদ্যদ্রব্যের দাম জনগণের নাগালের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এফএও অবশ্য খাদ্যসংকটের কারণে এ বৈঠক ডাকা হয়েছে বলে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, রাশিয়ার খাদ্যশস্য রপ্তানির বন্ধের ঘোষণায় ভীত না হয়ে বাস্তবতা মেনে নেওয়ার জন্যই এ বৈঠক ডাকা হয়।বৈঠকে বিশ্বে খাদ্য-পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দুই বছর আগের মতো খাদ্যের দাম বাড়ার কারণে কোনো দেশে যাতে সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয় নিয়েও আলোচনা হয়। এফএওর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানান, বিশ্বে খাদ্যমূল্য বেড়ে অসহনীয় পর্যায়ে গেছে। আর বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে দরিদ্র জনগোষ্ঠী খাদ্য কেনার সামর্থ্য হারাচ্ছে। এফএওর নিজস্ব সূচক অনুযায়ী বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। বিবিসি।