বিশ্বযুদ্ধে নিহত বাঙালি নাবিকদের লন্ডনে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালি নাবিকদের স্মরণ অনুষ্ঠানে বাঁ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা শেখ পাশা হাবিব উদ্দিন এবং গবেষক আনসার আহমদ উল্লাহ। ছবি: সংগৃহীত
বাঙালি নাবিকদের স্মরণ অনুষ্ঠানে বাঁ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা শেখ পাশা হাবিব উদ্দিন এবং গবেষক আনসার আহমদ উল্লাহ। ছবি: সংগৃহীত

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীতে কাজ করতে গিয়ে যেসব বাঙালি নাবিক জীবন দিয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হলো লন্ডনে। গত রোববার লন্ডনের ট্রিনিটি স্কয়ারে ভাবগম্ভীর পরিবেশে এক অনুষ্ঠানে বাঙালি নাবিকদের স্মরণ করা হয়। 
প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাজ্য চার বছরব্যাপী (২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত) নানা আনুষ্ঠানিকতা পালনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বাঙালি নাবিকদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 
লন্ডনের টাওয়ার হিলস্থ ট্রিনিটি স্কয়ারের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন দেওয়া নাবিকদের স্মরণে একটি স্মৃতিফলক রয়েছে। যাতে বিশ্বযুদ্ধে নিহত নাবিকদের অনেকের নাম লেখা রয়েছে। এর মধ্যে মিয়া, লতিফ, আলী, চৌধুরী, উদ্দিন ও উল্লাহর মত নামগুলো বাঙালি নাবিকদের কথা স্মরণ করিয়ে দেয়। 
অনুষ্ঠানের শুরুতে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ এবং স্যালুট দিয়ে বাঙালি নাবিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভিন্ন ভিন্ন ধর্মাচারের মাধ্যমে প্রাণ হারানো নাবিকদের আত্মার শান্তি কামনার পাশাপাশি নাবিক হিসেবে যারা বর্তমানে কর্মরত তাদের নিরাপত্তার জন্যও প্রার্থনা করা হয়। ব্রিটিশ রয়্যাল মেরিন সেনাদের একটি গ্রুপ বাদ্যযন্ত্রের তালে তালে প্যারেডে অংশ নেয়। অনুষ্ঠানে ব্রিটিশ রানির প্রতিনিধি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন কমান্ডার জন লাডগেইট।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো বাঙালি নাবিকদের স্মরণে নীরবতা পালন। ছবি: সংগৃহীত
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো বাঙালি নাবিকদের স্মরণে নীরবতা পালন। ছবি: সংগৃহীত

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, গবেষক আনসার আহমেদ উল্লাহ ও মানবাধিকার কর্মী জামাল খান। 
বিশ্বযুদ্ধে বাঙালির অবদান নিয়ে গবেষণা করছেন আনসার আহমদ উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, তৎকালীন ভারতবর্ষের প্রায় ১০ লাখ লোক প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ সংখ্যা প্রায় ২৫ লাখ। ভারতবর্ষসহ ইউরোপের বিভিন্ন দেশে বাঙালিরা ব্রিটিশদের পক্ষে যুদ্ধে অংশ নেয়। তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন যে, প্রথম বিশ্বযুদ্ধে তিন হাজার ৪২৭ জন বাঙালি নাবিক নিহত হন। আর বিরোধীদের হাতে বন্দী হয়ে কারাগারে যান এক হাজার দু শ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন দেওয়া বাঙালি নাবিকের সংখ্যা প্রায় ছয় হাজার ছয় শ, আহত হয়েছিলেন এক হাজার ২২ জন এবং বন্দী হয়ে কারাবরণ করেন এক হাজার ২১৭ জন। তিনি বলেন, আরও চার থেকে পাঁচ হাজার বাঙালি নাবিক প্রাণ হারিয়েছেন বলে ধরে নেওয়া হয়, যাদের বিষয়ে কখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। 
আনসার আহমদুল্লাহ বলেন, আজকের যুক্তরাজ্যের যে ঐতিহ্য ও ঐশ্বর্য সেটাকে টিকিয়ে রাখতে বাঙালির অবদান মোটেই কম নয়।