বিশ্বাসঘাতকতার দায়ে মোশাররফের বিচার হওয়া উচিত: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ সোমবার বলেছেন, রাজনৈতিক বিশ্বাসঘাতকতার দায়ে সাবেক সেনাশাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিচার হওয়া উচিত।
পাকিস্তানে গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিতে মোশাররফ এ বছরের শুরুতে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফেরেন। তবে এখন তিনি এক মামলায় গৃহবন্দী। ১৯৯৯ সালে নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ ক্ষমতা দখল করেন। অবৈধ উপায়ে ক্ষমতা দখলসহ বিভিন্ন অভিযোগে মোশাররফ এখন অনেকগুলো মামলায় অভিযুক্ত। তবে তাঁর মুখপাত্র বলেছেন, এসব মামলা ‘হটকারী ও হীন উদ্দেশ্যপ্রণোদিত।’
নওয়াজ আজ পার্লামেন্টে বলেন, ‘মোশাররফ দুবার সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি ১৯৯৯ সালে একটি নির্বাচিত সরকারকে উত্খাত করে দেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন এবং বিচারকদের বরখাস্ত করে কারাবন্দী করেছেন। তাঁকে অবশ্যই এ জন্য আদালতে জবাবদিহি করতে হবে।’
সম্প্রতি দেশটির অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে নওয়াজ শরিফের মতো একই কথা বলেছেন। তিনি বলেন, ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে জ্যেষ্ঠ বিচারকদের কারাবন্দী করার দায়ে সরকার মোশাররফের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।