বিশ্বাসঘাতকদের সঙ্গে কোনো আলোচনা নয়: উ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার ‘বিশ্বাসঘাতক’দের সঙ্গে আর কোনো আলোচনার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। গত বুধবার দুই কোরিয়ার মধ্যকার সামরিক আলোচনা ভেস্তে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের প্রতিনিধিরা এ কথা জানান।বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা এবং একত্রীকরণ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ‘একদল ষড়যন্ত্রকারীর’ জন্য বুধবারের ওই আলোচনা ভেস্তে যায়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ও জনগণ ওই বিশ্বাসঘাতকদের সঙ্গে আর আলোচনার প্রয়োজন আছে বলে মনে করে না। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের উন্নতির প্রত্যাশাও তারা করে না। তবে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী হিয়ুন ইন-তায়েক বলেন, ‘আমরা এখনো আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছি। আমরা অপেক্ষা করব এবং দেখব।’এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবারের আন্তসীমান্ত আলোচনায় গত বছর সিউলের বিরুদ্ধে দুটি বড় ধরনের হামলার জন্য উত্তর কোরিয়াকে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। এর ১০ মিনিটের মধ্যে উত্তর কোরিয়ার প্রতিনিধিরা বেরিয়ে যান। গত নভেম্বরে দুই কোরিয়ার মধ্যে গুলিবিনিময়ের ঘটনার পর এটাই ছিল দুই দেশের মধ্যে প্রথম আন্তসীমান্ত আলোচনা।গত বছরের ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলা নিক্ষেপের ঘটনায় দক্ষিণ কোরিয়ার চারজন নাগরিক নিহত হয়। এর আগে গত মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজে উত্তর কোরিয়া টর্পেডো হামলা চালায়। এতে মারা যায় ৪৬ জন। তবে পিয়ংইয়ং টর্পেডো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। এএফপি।