বিশ্বে অপুষ্টির ঝুঁকিতে ৫০ কোটি শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত খাবারের অভাবে আগামী ১৫ বছরে ৫০ কোটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পেরু ও নাইজেরিয়ায় পরিচালিত এক জরিপের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে অপুষ্টি প্রতিরোধে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। মাংস, দুধ বা শাকসবজি খাওয়ার সামর্থ্য নেই—এ রকম অসংখ্য পরিবার রয়েছে।জরিপে প্রতি ছয়জন মা-বাবার একজন বলেন, খাবার জোগানোর জন্য কাজ করতে গিয়ে বিদ্যালয় ত্যাগ করছে তাঁদের সন্তানেরা। অপুষ্টির কারণে বিশ্বের প্রতি চার শিশুর একজনের বিকাশ ব্যাহত হচ্ছে। তাদের শরীর ও মস্তিষ্কের যথাযথ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই শিশুদের ৮০ শতাংশই চারটি দেশের। অপুষ্টির কারণে বিশ্বে প্রতিবছর ২৬ লাখ শিশুর মৃত্যু হয়।উল্লিখিত পাঁচ দেশে বিশ্বের অপুষ্টিতে আক্রান্ত অর্ধেক শিশু বসবাস করে বলে জানিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্লোবস্ক্যান। সেভ দ্য চিলড্রেন জানায়, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির রেকর্ডের এক বছরে শিশু অপুষ্টির হারও বেড়েছে। শিশুমৃত্যু রোধে এই মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়তে পারে।সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জাস্টিন ফরসিথ বলেন, বিশ্বে শিশুমৃত্যু রোধে নাটকীয় উন্নতি হয়েছে। তা এক কোটি ২০ লাখ থেকে ৭৬ লাখে নেমে এসেছে। তবে অপুষ্টি রোধ না করলে এ সাফল্য ধরে রাখা সম্ভব নয়।ক্ষুধা দূরীকরণ এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কবল থেকে শিশুদের রক্ষায় যুক্তরাজ্যের নেতৃত্ব আশা করছে সেভ দ্য চিলড্রেন। আসন্ন অলিম্পিক উপলক্ষে লন্ডনে ক্ষুধা সম্মেলন আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্য এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল বলেন, ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে দাতব্য উদ্যোগে ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশকে এগিয়ে আসতে আহ্বান জানানো হবে।কেনিয়ায় কর্মরত সেভ দ্য চিলড্রেনের পুষ্টিবিদ আসুম্প্তা এনডুমি বলেন, কেনিয়ায় একের পর এক খরার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। খরার সময় অর্থোপার্জনের উপায় না থাকায় পরিবারগুলো সন্তানদের খাবার, বিশেষ করে আমিষ জোগাড় করতে পারে না। ফলে ক্ষুধা নীরবে হত্যা করছে শিশুদের। বিবিসি।