বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া মানুষ সোয়া ৮ কোটি: জাতিসংঘ
লড়াই–সংঘাত, নির্যাতন–নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার শিকার হয়ে বিশ্বে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা গত এক দশকে দ্বিগুণ হয়েছে। গত বছরের শেষ নাগাদ এমন মানুষের সংখ্যা ছিল ৮ কোটি ২৪ লাখ (৮২ দশমিক ৪ মিলিয়ন)। জাতিসংঘ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বার্তা সংস্থা রয়টার্সকে আজ বলেন, ‘করোনা মহামারির মধ্যে গত বছর আমাদের অধিকাংশ মানুষের চলাচল বাস্তবিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছিল। এর মধ্যেই জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়েছে অতিরিক্ত ৩০ লাখ (৩ মিলিয়ন) মানুষ।’
জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যে অতিরিক্ত মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের প্রায় ৭০ শতাংশই উদ্বাস্তু হয় মাত্র পাঁচটি দেশ থেকে। দেশগুলো হলো সিরিয়া, ভেনেজুয়েলা, আফগানিস্তান, দক্ষিণ সুদান ও মিয়ানমার।
ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘উদ্বাস্তু হওয়ার ক্রমবর্ধমান ধারা দুর্ভাগ্যজনকভাবে অব্যাহত আছে। তাই আমরা যদি বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হালনাগাদ করি, তবে চলতি বছরের প্রথম ছয় মাসে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা উল্লিখিত ৮ কোটি ২৪ লাখের সঙ্গে যুক্ত হবে। তাতে মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে।’ তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার মানুষের প্রায় ৪২ শতাংশ শিশু।
ফিলিপ্পো গ্র্যান্ডি আরও বলেন, বাস্তুচ্যুতির শিকার মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে নতুন করে যেসব অঞ্চল ভূমিকা রাখছে, তার মধ্যে উত্তর মোজাম্বিক, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল ও ইথিওপিয়ার তাইগ্রে উল্লেখযোগ্য। এ ছাড়া উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অনেক আগে থেকেই ভূমিকা রাখছে আফগানিস্তান ও সোমালিয়ার দীর্ঘদিনের সংঘাত।
এদিকে গত সপ্তাহের শুরুর দিকে গ্র্যান্ডি বলেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও বহুজাতিক বাহিনীর সেনারা চলে গেলে দেশটিতে সংঘাত বেড়ে যেতে পারে। তাতে আরও মানুষ বাস্তুচ্যুত হলে সেই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
বৈশ্বিক রাজনীতিতে লোকরঞ্জনবাদ ও জাতীয়তাবাদের ধারণার উত্থান ঘটার মধ্যে বিশ্বনেতাদের প্রতি ফিলিপ্পো গ্র্যান্ডি জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া লোকজনকে অস্পৃশ্য হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান। তিনি বলেন, সত্যি কথা বলতে, সীমান্তে দেয়াল নির্মাণ বা অভিবাসনপ্রত্যাশীদের সাগরে ফিরে যেতে বাধ্য করা উদ্বাস্তু সমস্যার একমাত্র সমাধান হিসেবে বেছে নেওয়াটা নৈতিকভাবে ঘৃণ্য ও ভাষায় বর্ণনার অযোগ্য। কেননা, উদ্বাস্তু হয়ে আসা ব্যক্তিরাও মানুষ।
শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেন, অভিবাসনপ্রত্যাশীদের ঢলের পেছনে উদ্দেশ্য যা–ই থাকুক না কেন, তাঁরা অন্য সবার মতোই পূর্ণ মর্যাদা পাওয়ার অধিকারী।
যুক্তরাষ্ট্রে উদ্বাস্তু বা অভিবাসনপ্রত্যাশীদের আগমন রুখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দেশে একটি কার্যকর ও মানবিক শরণার্থী আশ্রয়ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। সম্প্রতি ওয়াশিংটন সফর করা গ্র্যান্ডি তাঁর এই অঙ্গীকারের প্রশংসা করেন।
এ প্রসঙ্গে গ্র্যান্ডি বলেন, ‘এই অঙ্গীকার পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে গিয়ে আমি যে মনোভাব বুঝেছি তা হলো, যেসব মানুষের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন, তাদের সেই সুরক্ষা দেওয়া হবে। তবে আমাদের আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। না হলে সুযোগের অপব্যবহার হবে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আকাশ ছুঁবে।’
ইউএনএইচসিআরের প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে বিশ্বজুড়ে মাত্র ৩৪ হাজার ৪০০ শরণার্থীকে আনুষ্ঠানিকভাবে পুনর্বাসিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোতে পুনর্বাসিত করা হয় তাদের। এই সংখ্যা এর আগের বছরের এক–তৃতীয়াংশ।