বিশ্বে প্রতি সাতজনে একজন অপুষ্টির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রতি সাতজনের মধ্যে একজন মানুষ অপুষ্টির শিকার বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত ব্রাজিলের রিওডি জেনিরোতে অনুষ্ঠেয় টেকসই উন্নয়ন সম্মেলনকে সামনে রেখে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এফএওর ব্যবস্থাপনা পরিচালক জোসে গ্রাজিয়ানো দা সিলভা বলেন, ‘প্রতি সাতজনের মধ্যে যদি একজন করে অপুষ্টির শিকার হতেই থাকে, তাহলে আমরা কোনোভাবেই টেকসই উন্নয়নের ডাক দিতে পারব না। খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও টেকসই উন্নয়ন যে একই ব্যাপার, তা রিওডি জেনিরো সম্মেলনের আলোচ্যসূচির মাধ্যমে ব্যাখ্যা করার একটা দারুণ সুযোগ পাওয়া যাবে।’এই প্রতিবেদনে অবকাঠামোর উন্নয়ন ঘটিয়ে ও দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের সরকারকে পর্যাপ্ত বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এফএও জানায়, ‘২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। তাদের আয় বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও বেড়ে যাবে বহু গুণে। এ কারণে বিশ্বে কৃষি ও খাদ্যব্যবস্থায়ও প্রচণ্ড চাপ দেখা দেবে। তাই এই মুহূর্ত থেকে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে খাদ্যে মন্দাভাব আরও প্রকট হয়ে উঠবে। খাদ্য উৎপাদন ৬০ শতাংশ বাড়াতে না পারলে ২০৫০ সালে প্রায় ৩০ কোটি মানুষ দীর্ঘস্থায়ীভাবে খাদ্যাভাবে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।