বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই বছর বিশ্বের বিভিন্ন দেশে ৬৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার আগের বছর ৫২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে পৃথিবীর ২০টি দেশে অন্তত ৬৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগের বছর ২৩টি দেশে ৫২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি সলিল শেঠি জানান, বিশ্বের মাত্র ২০টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে জানা গেছে। এর অর্থ অন্য ১৭৮টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এ ছাড়া প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়ে যাওয়ায় ইরাক, ইরান ও সৌদি আরবকে সবচেয়ে বেশি দায়ী করা হয়।তবে চীনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে অ্যামনেস্টি কোনো তথ্য প্রকাশ করেনি। চীনে মৃত্যুদণ্ড কার্যকরের পরিসংখ্যান রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়। অ্যামনেস্টির ধারণা, চীনে বছরে কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানে ৩৬০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে অনেকের মৃত্যুদণ্ডই কার্যকর করা হয় নতুন চালু হওয়া মাদক দমন আইনে।এ ছাড়া গত বছর সৌদি আরবে ৮২ জন ও ইরাকে ৬৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগের বছর সৌদি আরবে অন্তত ২৭ জন ও ইরাকে অন্তত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া বাংলাদেশে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।আরব বসন্তের পটভূমিতে লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের সহিংস ঘটনার কারণে মৃত্যুদণ্ড কার্যকরের সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিবিসি।