বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপক হারে বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। গত বছর বিশ্বজুড়ে বিভিন্ন প্রক্রিয়ায় ১ হাজার ৬৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আগের বছর, অর্থাৎ ২০১৪ সালের তুলনায় এ সংখ্যা ৫৪ শতাংশ বেশি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার এ তথ্য তুলে ধরেছে।
অ্যামনেস্টি বলছে, ২০১৫ সালে সংঘটিত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮৯ সালের পর থেকে সবচেয়ে বেশি। অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি বলেন, ‘গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়ে যাওয়াটা খুবই উদ্বেগের।’
মোট মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার মধ্যে ৮৯ শতাংশই হয়েছে ইরান, পাকিস্তান ও সৌদি আরবে। তবে এ সংখ্যার মধ্যে চীনের হিসাব রাখা হয়নি। কেননা এ বিষয়ে তথ্য দেশটি প্রকাশ করে না।