বিশ্বে শরণার্থী সংখ্যায় রেকর্ড: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে যুদ্ধ বা সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হওয়া মানুষের সংখ্যা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। এই সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৩ লাখে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মতে, এ সংখ্যা যেকোনো সময়ের চেয়ে বেশি। এই ৬ কোটির বেশি মানুষের মধ্যে শরণার্থী ছাড়াও অভ্যন্তরীণ উদ্বাস্তু ও অভিবাসনপ্রত্যাশীও আছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন বিশ্বের ১১৩ জন মানুষের মধ্যে ১ জন শরণার্থী। গত বছরের শেষ নাগাদ এ তথ্য সংগ্রহ করা হয়েছে। আজ সোমবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
জাতিসংঘ বলেছে, বিশ্বে এই প্রথম শরণার্থীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। এসব শরণার্থীর মধ্যে অর্ধেকই এসেছে মাত্র তিনটি দেশ থেকে। দেশগুলো হলো সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়া।
গত বছর ইউরোপে শরণার্থীর ঢল নামে। তবে জাতিসংঘ বলছে, বিশ্বের মোট শরণার্থীর ৮৬ শতাংশ আশ্রয় নিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। এর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী আছে তুরস্কে। এর সংখ্যা ২৫ লাখ। এরপরই রয়েছে পাকিস্তান ও লেবানন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুযায়ী, গত বছর দুর্গম সাগর পাড়ি দিয়ে ১০ লাখের বেশি শরণার্থী ইউরোপে ঢুকে পড়ে। তবে অন্য সংস্থাগুলো বলছে, এ সংখ্যা আরও বেশি হবে। আইওএম বলেছে, শরণার্থীদের মধ্যে ৩৫ হাজার এসেছে স্থলসীমান্ত দিয়ে। ইউরোপে আসা শরণার্থীদের বেশির ভাগেরই গন্তব্য ছিল জার্মানি ও সুইডেন।
শরণার্থীদের যে সংখ্যা জাতিসংঘ দিয়েছে, এর মধ্যে গত বছর নতুন অভিবাসন নীতিমালার আলোকে আশ্রয় পাওয়া মানুষের সংখ্যা গণনা করা হয়েছে। তবে তুরস্কে আশ্রয় নেওয়া অস্থায়ী সুরক্ষা প্রকল্পের অধীন শরণার্থীদের এর মধ্যে গণনা করা হয়নি।
বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি ইউরোপে বেড়ে যাচ্ছে ‘বিদেশি বিদ্বেষ’। এ কথা বলেছেন খোদ জাতিসংঘের শরণার্থীপ্রধান ফিলিপ্পো গ্রাঁদি। তিনি বলেছেন, শরণার্থী বিষয়ে নীতিমালা প্রণয়নে ইউরোপীয় নেতাদের আরও কাজ করতে হবে। শরণার্থীদের বিষয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেও তাঁদের অনেক কিছু করার আছে। তিনি বলেছেন, ইউরোপজুড়ে থাকা ‘বিদেশি বিদ্বেষী’ হাওয়া সত্যিই ভীতিকর।