বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে: ইউনিসেফ
বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ২০ বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ কথা জানায়। ২০১১ সালে পাঁচ বছরের কম বয়সী ৬৯ লাখ (প্রতিদিন প্রায় ১৯ হাজার) শিশু মারা গেছে। ১৯৯০ সালে এই সংখ্যা ছিল এক কোটি ২০ লাখ। ইউনিসেফ বলছে, গরিব দেশ আস্তে আস্তে ধনী হচ্ছে, এ কারণে শিশুমৃত্যুর হার কমেছে। এ ছাড়া কিছু দেশ অন্যদের সহায়তা ভালোভাবে কাজে লাগিয়েছে, এতে মৃত্যুর হার কমেছে। ইউনিসেফ আরও জানায়, গত বছর বিশ্বে যেসব শিশু (পাঁচ বছরের কম বয়সী) মারা গেছে তার অর্ধেকই মরেছে ভারত, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান ও চীনে। ১৯৯০ সালের তুলনায় ২০১১ সালে কঙ্গো, চাদ, সোমালিয়া, মালি, ক্যামেরন, বুরকিনা ফাসোতে শিশু মৃত্যুর সংখ্যা ১০ হাজার বেড়েছে। এ ছাড়া সংঘর্ষ শিশুমৃত্যুর হারের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। যে ১০টি দেশে শিশুমৃত্যুর হার বেশি, তার আটটিতেই সংঘর্ষের কারণে মৃত্যুর হার বেড়েছে। তবে প্রায় শতকরা ৪০ ভাগ শিশু মরে জন্মের ২৮ দিনের মধ্যে। শুধু ২০১১ সালেই বিশ্বে এ ঘটনায় ৩০ লাখ শিশু মারা গেছে। এ ছাড়া অপুষ্টিতে ওই শিশুদের এক-তৃতীয়াংশের বেশি মারা যায়। ২০০০ সালে হামে মারা গেছে পাঁচ লাখ শিশু। যেখানে ২০১১ সালে মারা গেছে এক লাখ। ইউনিসেফের যুক্তরাজ্যের পরিচালক ডেভিড বুল বলেন, ‘শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে লাওস, পূর্ব তিমুর ও লাইবেরিয়া এই তিনটি দেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে।’ বিবিসি।