বিশ্বের ২২০ কোটি মানুষ ‘দরিদ্র বা দারিদ্র্যসীমার কাছাকাছি বাস করছে’। অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি ও সহিংস পরিস্থিতি দরিদ্র মানুষকে আরও নাজুক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গতকাল বৃহস্পতিবার মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৪-তে এ তথ্য প্রকাশ করেছে। খবর এএফপির।
জাপানের রাজধানী টোকিওতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উন্নয়নশীল ৯১টি দেশে প্রায় ১৫০ কোটি দরিদ্র মানুষ বাস করছে। এ ছাড়া ৮০ কোটির মতো মানুষ দরিদ্র হওয়ার দ্বারপ্রান্তে। এতে বলা হয়, বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষ দিনে মাত্র এক ডলারে চলছে। সাধারণত নারী, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ, আদিবাসী, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও প্রাকৃতিক সম্পদ কম থাকা দেশগুলোর জনগণ বেশি দারিদ্র্যপীড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও অর্থনৈতিক মন্দা মোকাবিলায় অবশ্যই সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউএনডিপির প্রধান হেলেন ক্লার্ক বলেন, এই প্রথম বার্ষিক প্রতিবেদনে ‘মানব উন্নয়নের চোখ দিয়ে’ অরক্ষিত জনগোষ্ঠী ও তাদের স্বাভাবিক অবস্থায় আনার বিষয়টি দেখা হয়েছে। তিনি বলেন, মন্দা ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি প্রতিষ্ঠায় আন্তরিক ও সচেতনভাবে উদ্যোগ নিলে ভবিষ্যতে টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক খালিদ মালিক সাংবাদিকদের বলেন, ‘দরিদ্র হলে অনেক কিছুই মোকাবিলা করার সামর্থ্য থাকে না। এ ছাড়া কেউ দরিদ্র হতে পারে, বৃদ্ধ হতে পারে। এসব কারণে ওই ব্যক্তিকে সুরক্ষার দেওয়ার কয়েকটি স্তর থাকতে হবে।’ তাঁর মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এ ধরনের স্তর জরুরি।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) প্রসঙ্গ তুলে ধরে বলেন, এমডিজির মূল লক্ষ্য হলো ২০১৫ সালের মধ্যে বিশ্বে দারিদ্র্য হ্রাস ও সমতা বৃদ্ধি। দ্রুত সময় ফুরিয়ে আসছে। এ লক্ষ্য পূরণে দ্রুত কাজ করতে হবে।