বিশ্বের অর্ধেক কার্বনই ছড়ায় ১০ শতাংশ ধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্বন নিঃসরণে ধনী-গরিবের পার্থক্য
কার্বন নিঃসরণে ধনী-গরিবের পার্থক্য

বিশ্বে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমে মোট যে পরিমাণ ক্ষতিকর কার্বন গ্যাস ছড়ানো হয়, তার অর্ধেকই নিঃসরণ করে মাত্র ১০ শতাংশ ধনী মানুষ। আর দরিদ্রতম জনসংখ্যার অর্ধেক মিলে উৎপাদন করে মাত্র ১০ শতাংশ কার্বন। যুক্তরাজ্যের প্রভাবশালী স্বেচ্ছাসেবা–মূলক সংগঠন অক্সফাম গতকাল বুধবার প্রকাশ করা গবেষণা প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ১৯৫টি দেশের অংশগ্রহণে প্যারিসে চলমান সম্মেলনের মধ্যে অক্সফাম এই প্রতিবেদন প্রকাশ করল।
কার্বন গ্যাস নিঃসরণে কার কতটুকু দায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোকে কী পরিমাণ সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে এখন সম্মেলনে নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে বিতর্ক চলছে।
অক্সফামের জলবায়ু নীতি বিষয়ের প্রধান টিম গোর এক বিবৃতিতে বলেছেন, ‘ধনীদেরকে নিজ নিজ নিঃসরণের দায় নিতে হবে; সে কোথায় বাস করে সেটা কোনো বিষয় হতে পারে না।’
গোর বলেন, এটা ভুলে যাওয়া খুব সহজ, দ্রুত উন্নয়ন হচ্ছে এমন অর্থনীতির দেশগুলোতেই বিশ্বের অধিকাংশ দরিদ্রতম মানুষ বাস করে। নিঃসরণের যথার্থ দায় এই দেশগুলোর তো নিতেই হবে; তবে এ ক্ষেত্রে ধনী দেশগুলোকে নেতৃত্বে থাকতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গড়ে বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের মধ্যে প্রতিজন গড়ে যে পরিমাণ কার্বন গ্যাস নিঃসরণ করে, তার বিপরীতে সবচেয়ে ধনী ১ শতাংশ লোকের প্রতিজন গড়ে ১৭৫ গুণ বেশি নিঃসরণ করে।
কয়লা, তেল ও গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাস জমা হচ্ছে, তার কারণে বায়ুমণ্ডলে সূর্যের তাপ আটকে গিয়ে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিচু ভূখণ্ড তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বজুড়ে যেভাবে খরা ও অতিবৃষ্টি এবং ঝড় বেড়ে যাওয়ার ঘটনা ঘটছে, তার জন্য বিজ্ঞানীদের অনেকেই এ উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করেন। এর দায় ও ক্ষতিপূরণ বণ্টনের প্রক্রিয়া নিয়ে ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গভীর মতভেদ চলে আসছে।
উন্নয়নশীল দেশগুলো বলে আসছে, দীর্ঘ সময় ধরে পশ্চিমা দেশগুলো বিশেষ করে শিল্পোৎপাদনের মাধ্যমে বিপুল পরিমাণ কার্বন ছড়িয়ে আসছে এবং সে কারণেই নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানোর বাধ্যবাধ-কতার ব্যাপারে তাদের রাজি হতে হবে। তারা প্রচলিত জ্বালানি উৎপাদন ব্যবস্থা থেকে সরে অপেক্ষাকৃত কম দূষণকারী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যেতে এবং দুর্যোগ মোকাবিলার জন্য ধনী দেশগুলোর আর্থিক সহায়তা চেয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অধিকাংশ ধনী দেশ ‘উন্নত ও উন্নয়নশীল’ এই দুই ভাগে বিভক্ত দলের ধারণাকে প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, কার অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু সেটি মুখ্য নয়; বরং কে কতটুকু কার্বন ছড়াচ্ছে সেটিই আসল বিষয়।
অক্সফাম বলেছে, দ্রুত উন্নয়নশীল দেশের মানুষও কার্বন নিঃসরণে অনেক বেশি দায়ী বলে এত দিন যে ধারণা বিশ্ববাসীর মনে ছিল, নতুন এই প্রতিবেদন সে ধারণা দূর করবে।