বিশ্বের অর্ধেক সম্পদ ধনকুবের ১ শতাংশ মানুষের হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে যত সম্পদ আছে তার প্রায় অর্ধেক সম্পদ এখন ধনকুবের ১ শতাংশ মানুষের হাতে। বাকি প্রায় অর্ধেক ৯৯ শতাংশ লোকের হাতে। ২০১৬ সালের মধ্যে এই সম্পদের পরিমাণ অর্ধেক ছাড়িয়ে যাবে।

দারিদ্র্যবিরোধী আন্তর্জাতিক গবেষণা সংস্থা অক্সফাম এ কথা বলেছে।
অক্সফাম প্রকাশিত প্রতিবেদনের চিত্র তুলে ধরে আজ সোমবার রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে,২০০৯ সালে বিশ্বের ৪৪ শতাংশ সম্পদ ছিল ১ শতাংশ মানুষের হাতে। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশে। ২০১৬ সালে সেই পরিমাণ গিয়ে দাঁড়াবে ৫০ শতাংশের বেশিতে।
বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৫ তম বৈঠক। বৈঠকে অংশ নেবেন বিশ্বের ১ হাজার ৫০০ ব্যবসায়িক নেতা। এ ছাড়াও ৪০ টি দেশের সরকারপ্রধানও সেখানে উপস্থিত থাকবেন।
বিশ্ব অর্থনীতির ক্ষমতাধরদের বৈঠকের আগেই কাকতালীয়ভাবে ক্রমবর্ধমান বৈষম্যের চিত্র তুলে ধরা হলো অক্সফামের প্রতিবেদনে।
অক্সফামের গবেষণায় বলা হয়,২০০৯ সালে বিশ্বের ১ শতাংশ মানুষের হাতে ছিল ৪৪ শতাংশ সম্পদ। ২০১৪ সালে তাঁদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশে। এ হারে বাড়তে থাকায় ২০১৬ সাল নাগাদ ১ শতাংশ ধনী ব্যক্তি ৫০ শতাংশের বেশি সম্পদের মালিক হয়ে যাবেন।
প্রতিবেদন অনুযায়ী,২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচ বছরে বিশ্বের সবচেয়ে সম্পদশালী ৮০ ব্যক্তির সম্পদ বেড়ে হয়েছে দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের ৮০ শতাংশ মানুষ মোট বৈশ্বিক সম্পদের মাত্র ৫ দশমিক ৫ শতাংশের মালিক হয়েছে।
অক্সফামের নির্বাহী পরিচালক ও ডব্লিউইএফের কো-চেয়ারম্যান উইনি বিয়ানিমা প্রতিবেদনটি প্রকাশের পর বলেন, ‘আপনারা কি এমন একটি বিশ্বে থাকতে চান, যেখানে অর্ধেক সম্পদ মাত্র ১ শতাংশ মানুষের হাতে থাকবে? ’