জাতিসংঘ বলছে, বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ থেকে আল-কায়েদা বা ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলো সদস্য সংগ্রহ করছে। এ মুহূর্তে এসব জঙ্গি সংগঠনের হয়ে ২৫ হাজার ‘বিদেশি’ লড়াই করছে। খবর গার্ডিয়ানের।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হচ্ছে, গত নয় মাস বা এর চেয়ে বেশি সময়ের মধ্যে জঙ্গি সংগঠনগুলোর সদস্যসংখ্যা বিশ্বব্যাপী ৭০ শতাংশের বেশি বেড়ে গেছে। আর এই সংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ‘এক দীর্ঘমেয়াদি হুমকির’ সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘যারা একসঙ্গে খায়-দায় আর মেলামেশা করে তারা একসঙ্গে বোমাও ছুড়তে পারে।’
জাতিসংঘের কোনো সংস্থা ‘বিদেশি জঙ্গিদের’ বিষয়ে এই প্রথম এ ধরনের প্রতিবেদন দিল।
নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা বলছেন, একটি রক্ষণশীল হিসাবেই জঙ্গিদের সংখ্যা ২৫ হাজার বলা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিরিয়া ও ইরাকে জঙ্গিদের সংখ্যা বৃদ্ধির হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। লিবিয়াতেও এই সংখ্যা বৃদ্ধির প্রবণতা লঞ্চ করা যাচ্ছে।’
গত শুক্রবার নিরাপত্তা পরিষদের এক সভায় বিদেশি জঙ্গিদের নিয়ে আলোচনা হয়। সেখানে এই হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলাপ-আলোচনা করা হয়।
সিরিয়া ও ইরাকে সক্রিয় আইএস জঙ্গিদের মোকাবিলায় পশ্চিমা নীতি নিয়ে তীব্র বিতর্কের মুখে জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশিত হলো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর টানা বিমান হামলার পরও আইএস সিরিয়া ও ইরাকে সম্প্রতি নতুন অনেক এলাকা দখল করেছে। গত সপ্তাহে আইএস ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে নেয়। এ ছাড়া সিরিয়ার প্রাচীন পালমেইরা শহরও তারা করায়ত্ত করে।
নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে ইরাক, সিরিয়া এবং লিবিয়াকে জঙ্গিদের জন্য প্রশিক্ষণের উপযুক্ত স্থান হিসেবে অভিহিত করা হয়। এ ছাড়া তিউনিসিয়া, মরক্কো ফ্রান্স ও রাশিয়াকে ভবিষ্যতের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়। কেননা এই দেশগুলো থেকে যথেষ্ট সংখ্যায় জঙ্গি এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘বিদেশি জঙ্গিরা নিজ দেশে অথবা তৃতীয় কোনো দেশে ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। আর এর ফলে জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি হয়েছে।’