বিশ্বের উচ্চতম ভাস্কর্যের নির্মাণ উদ্বোধন

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’ নির্মিত হচ্ছে ভারতে। গতকাল বৃহস্পতিবার এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। আকারে এটি হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘স্ট্যাচু অব লিবার্টি’র দ্বিগুণ। ভাস্কর্যটি হবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘লৌহমানব’ বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি।
গুজরাট রাজ্যের নর্মদা নদীর একটি পাথুরে দ্বীপে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। এর উচ্চতা হবে ১৮২ মিটার। নির্মাণ সম্পন্ন হলে এ ভাস্কর্য হবে বিশ্বে বৃহত্তম। উচ্চতায় তা হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের যিশুখ্রিষ্টের মূর্তির চার গুণেরও বেশি।
বল্লভভাই প্যাটেলের ১৩৮তম জন্মবার্ষিকীর দিন গতকাল বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ও আগামী নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি এ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যের কর্মকর্তারা জানান, প্রকল্পের আনুমানিক ব্যয় হবে আড়াই হাজার কোটি রুপি। সরকারি তহবিল ও বেসরকারি অনুদান থেকে এ অর্থের জোগান দেওয়া হবে। এএফপি।