বিশ্বের এক-পঞ্চমাংশ উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা
বিশ্বের এক-পঞ্চমাংশ উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, সর্বশেষ এক গবেষণায় তাঁরা দেখেছেন ত্বরিত ব্যবস্থা না নেওয়া হলে প্রায় চার হাজার জাতের উদ্ভিদ অদূরভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্রিটেনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) উদ্ভিদ বিজ্ঞানীরা এ তথ্য দিয়েছেন।বিজ্ঞানীরা বলেছেন, ২২ শতাংশ উদ্ভিদকে ‘হুমকিগ্রস্ত’ হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। ৩৩ শতাংশের জীবনচক্র ও প্রাণবৈচিত্র্য এতটাই দুর্বোধ্য যে সেগুলো কতটুকু ঝুঁকিতে আছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে তিন লাখ ৮০ হাজার জাতের উদ্ভিদ ও বৃক্ষ রয়েছে। বন কেটে চাষ করার প্রবণতার কারণে অনেক জাতের গাছই হারিয়ে যাচ্ছে। কোন কোন উদ্ভিদ কতটা অস্তিত্ব-সংকটে আছে স্যাম্পল রেড লিস্ট ফর প্লান্টস শীর্ষক ওই গবেষণায় তা নিখুঁতভাবে নিরূপণ করা হয়েছে। এতে দেখা গেছে: মস, ফার্ন, অর্কিড, মটর ও শিমজাতীয় বহু লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ বেশি ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, হাতেগোনা অল্প কিছুসংখ্যক উদ্ভিদের ওপর মানুষের বেশি নির্ভরতা দুর্লভ প্রজাতির গাছকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মাত্র ১২ প্রজাতির গাছ ও শাকপাতার ওপর মানুষের ৮০ শতাংশ ক্যালরি নির্ভর করে। এগুলোর চাষাবাদ হলেও বাকি প্রজাতির উদ্ভিদের চাষ উপেক্ষিত থেকে যায়। ফলে সেগুলোর বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। বিবিসি।