বিশ্বের কয়েকটি পরমাণু দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ১১ মার্চ শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। রাজধানী টোকিও থেকে ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমায় এটি অবস্থিত।ফুকুশিমা-১ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে। সেখানে জরুরি অবস্থা জারি করে ১০ কিলোমিটারের মধ্য থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। নিচে বিশ্বের কয়েকটি পরমাণু স্থাপনায় ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দেওয়া হলো:৯ আগস্ট ২০০৪: জাপানের রাজধানী টোকিও থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে মিহামায় একটি পরমাণু স্থাপনায় দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হন। এতে প্রায় সাতজন মারাত্মক দগ্ধ হন। দুর্ঘটনার কিছু সময় আগে ওই স্থাপনার তিনটি চুল্লির একটিতে সতর্ক সংকেত বেজে ওঠার পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ৩০ সেপ্টেম্বর ১৯৯৯: জাপানের তোকাইমুরায় একটি ইউরেনিয়াম প্রস্তুতকারক স্থাপনায় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। চেরনোবিলের পর বিশ্বের এটিই সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা। শ্রমিকেরা ট্যাংকে বেশি পরিমাণ ইউরেনিয়াম ঢেলে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তেজস্ক্রিয়তার শিকার হয় ছয় শতাধিক মানুষ। ১১ মার্চ ১৯৯৭: জাপানের তোকাইমুরায় পরীক্ষামূলক একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় প্রায় ৩৭ জন লোক তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়। নভেম্বর ১৯৯৫: ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে জ্বালানি অপসারণের সময় ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ আক্রান্ত হয়নি।এপ্রিল ১৯৯৩: সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলের একটি গোপন পরমাণু স্থাপনায় দুর্ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার আকাশ ইউরেনিয়াম-২৩৫ ও প্লুটোনিয়াম-২৩৭-সহ তেজস্ক্রিয় পদার্থের গ্যাসের মেঘে ঢেকে যায়। ওই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। ২৬ এপ্রিল ১৯৮৬: সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এযাবৎ কালের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ঘটে। প্রকৌশলীদের ভুলে চার নম্বর চুল্লিটি বিস্ফোরিত হয়। এ সময় প্রায় ২০০ লোক তেজস্ক্রিয়তার শিকার হয়। ঘটনার তিন মাসের মধ্যে মারা যায় ৩২ জন। বিশাল আকারের তেজস্ক্রিয় পদার্থযুক্ত মেঘ ইউরোপের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ে। ওই দুর্ঘটনায় সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থযুক্ত মেঘের পরিমাণ ছিল ১৯৪৫ সালে হিরোশিমায় নিক্ষেপ করা পরমাণু বোমার ২০০টির সমান। কয়েক হাজার লোক এর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় ক্যানসারে ভুগে মারা গেছেন।জানুয়ারি-মার্চ ১৯৮১: জাপানের সুরুগা পরমাণু স্থাপনায় পরপর চারটি ছিদ্র তৈরি হয়ে তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে পড়ে। ওই ঘটনায় প্রায় ২৭৮ জন তেজস্ক্রিয়তার শিকার হয়। আগস্ট ১৯৭৯: যুক্তরাষ্ট্রের এরউইন শহরের একটি গোপন পরমাণু স্থাপনায় দুর্ঘটনায় এক হাজার মানুষ তেজস্ক্রিয়তার শিকার হয়। ২৮ মার্চ ১৯৭৯: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল দ্বীপের একটি পরমাণু স্থাপনায় দুর্ঘটনার পর সেখান থেকে প্রায় এক লাখ ৪০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় তেজস্ক্রিয়তা ওই স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।