বিশ্বের খর্বকায় পুরুষ বালাউইং!
তাঁর উচ্চতা মাত্র ৫৬ সেন্টিমিটার (এক ফুট ১০ ইঞ্চি)। অথচ আগামী জুনে ১৮ বছর পূর্ণ হতে যাচ্ছে তাঁর। তখন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবে বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ হিসেবে রেকর্ড গড়বেন তিনি। ১৭ বছর বয়সী এই খর্বকায় ফিলিপিনো তরুণের নাম জুনরি বালাউইং। যুক্তরাজ্যের দ্য সান পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ফিলিপাইনের জামবোয়াঙ্গা দেল নোর্তে প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে জুনরি বালাউইংয়ের বাস। চার ভাইবোনের মধ্যে তিনি বড়। বাবা রেনালদো পেশায় একজন কামার। উচ্চতায় এক বছর বয়সী একটি শিশুর গড় উচ্চতার চেয়ে খাটো বালাউইং। বর্তমানে বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ হিসেবে রেকর্ডের অধিকারী হলেন নেপালের খগেন্দ্র থাপা মাগার। তাঁর বয়স ১৮ বছর। উচ্চতা ৬৭ সেন্টিমিটার (দুই ফুট ২ দশমিক ৩ ইঞ্চি)। উচ্চতায় খগেন্দ্রর চেয়ে বালাউইং ১১ সেন্টিমিটার (৪ দশমিক ৩ ইঞ্চি) খাটো। বালাউইং মানসিকভাবে বড় হলেও তাঁর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ঘটেনি। এক বছর পূর্ণ হওয়ার পর থেকে থেমে আছে তাঁর দৈহিক গড়ন। হাঁটতে খুব কসরত করতে হয় তাঁকে। খুব বেশি সময় দাঁড়িয়েও থাকতে পারেন না। বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন—এমন সম্ভাবনায় খুব খুশি বালাউইং। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যদি বিশ্বের সবচেয়ে খর্বকায় পুরুষ হিসেবে রেকর্ড গড়তে পারতাম, তাহলে তা দারুণ ব্যাপার হতো!’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্র বলেন, ‘বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর জুনরি বালাউইং যখন বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষ হিসেবে তালিকাভুক্ত হতে আবেদন করবেন, তখন আমরা বিষয়টি খতিয়ে দেখব।’ অরেঞ্জ নিউজ ও মেট্রো অনলাইন।