তবুও সুখী তরুণেরা

রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি বিশ্বের তরুণদের বিশ্বাস গত পাঁচ বছরে অনেক কমেছে। তবে সার্বিকভাবে তারা সুখী। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বৈশ্বিক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
কিশোর-তরুণদের টিভি চ্যানেল বলে পরিচিত এমটিভি ও নিকেলোডিয়নের মতো চ্যানেল এবং হলিউডের চলচ্চিত্র কোম্পানি প্যারামাউন্টের স্বত্বাধিকারী মার্কিন মিডিয়া কোম্পানি ভায়াকম অনলাইন জরিপের ভিত্তিতে এ সমীক্ষা চালায়। এতে তরুণদের কাছে বিভিন্ন বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়। জরিপে অংশ নেয় ৩০টি দেশের ২৮ হাজার ৬০০ তরুণ।
ধর্মীয় অসহিষ্ণুতা ও রাজনৈতিক অস্থিরতার এই সময়ে জরিপে অংশ নেওয়া মাত্র ২ শতাংশ অংশগ্রহণকারী রাজনীতিকের প্রতি তাদের আস্থা থাকার কথা জানায়। আর ৯ শতাংশ উত্তরদাতা বলে, তারা ধর্মীয় নেতাদের বিশ্বাস করে।
সবশেষ পাঁচ বছর আগে, অর্থাৎ ২০১২ সালে করা জরিপের তুলনায় তরুণদের ধর্মীয় নেতা ও রাজনীতিবিদদের প্রতি বিশ্বাস যথাক্রমে ৩৩ এবং ২৫ শতাংশ করে কমেছে। ৩০ বছর বয়সী ও তার চেয়ে কম বয়সীদের এই মত।
‘দ্য নেক্সট নরমাল’ শিরোনামে করা এবারের জরিপে ৭৬ শতাংশ তরুণ বলেছে, তারা সার্বিকভাবে সুখী, যা কার্যত অপরিবর্তিত। আগের জরিপেও সুখী থাকার কথা বলেছিল ৭৬ শতাংশ উত্তরদাতা।