বিশ্বের তাৎপর্যপূর্ণ ১০ সীমানাদেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়ার সময় বিশ্বে দুটি দেশের মধ্যে বা দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সীমানানির্ধারণী প্রাচীর ছিল মাত্র ১৬টি। ইউনিভার্সিটি অব মন্ট্রিলের বিশেষজ্ঞ এলিজাবেথ ভেলেটের মতে, বর্তমানে এ ধরনের ৬৫টি প্রাচীর তৈরি হয়েছে বা তৈরি করার পরিকল্পনা আছে, যা রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা সীমানাপ্রাচীরও আছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রাচীরগুলো প্রাথমিকভাবে রাজনৈতিক এবং দেশের ঐতিহ্যগত উদ্দেশ্যে নির্মিত হলেও দেশের নিরাপত্তা এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই প্রাচীরগুলো দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এখানে ১০টি গুরুত্বপূর্ণ প্রাচীরের কথা বলা হলো:

হাঙ্গেরি: এ ধরনের সর্বশেষ প্রাচীরটি হলো হাঙ্গেরির ডানপন্থী সরকারের শুরু করা ১১০ মাইল বা ১৭৭ কিলোমিটার লম্বা প্রাচীরটি। এ বছর রেকর্ডসংখ্যক সর্বোচ্চ ৮০ হাজার আশ্রয়-প্রার্থীর কাছ থেকে আবেদন পাওয়ায় জুলাইয়ে হাঙ্গেরি ও সার্বিয়ার সীমানায় এ প্রাচীরটি নির্মাণের কাজ শুরু হয়।

মরক্কো-পশ্চিম সাহারা: বর্তমানে টিকে থাকা বিশ্বের সবচেয়ে পুরোনো নিরাপত্তা বেষ্টনী এটি। এক হাজার ৭০০ মাইল দীর্ঘ এই বেলে প্রাচীরটি পোলাসারিওর দখলে থাকা পশ্চিম সাহারা থেকে মরক্কোকে আলাদা করেছে। পশ্চিম সাহারা দখলে রাখতে পোলাসিও ১৯৭০ সাল থেকে সংগ্রাম করে আসছে।

সৌদি আরব-ইরাক: সৌদি আরবের সঙ্গে ইরাকের সীমানানির্ধারণী ২৩ ফুট উঁচু একটি বেলে প্রাচীর রয়েছে। আইএসের সাম্প্রতিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এ প্রাচীরের সুরক্ষা আরও বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। ৫৬০ মাইল দীর্ঘ বেড়া, ৭৮টি পর্যবেক্ষণ টাওয়ার, আটটি কমান্ড সেন্টার, সারাক্ষণ নজরদারির জন্য ১০টি বাহন, যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে ৩২টি কেন্দ্র এবং তিনটি দ্রুত ইন্টারভেনশন স্কোয়াড তৈরি করছে সৌদি সরকার।

ইসরায়েল-পশ্চিম ব্যাংক: ২০০২ সালে ইসরায়েল নিরাপত্তা প্রাচীর নির্মাণ শুরু করে। ফিলিস্তিনিদের আক্রমণ থেকে সুরক্ষার জন্য এটি নির্মাণের কথা বললেও সমালোচকদের মতে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে জায়গা দখল করতে এই সীমানাপ্রাচীর।

আমেরিকা-মেক্সিকো: ১৯৯০ সালে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে নির্মিত হয়েছিল একটি সীমানা। জঙ্গি সংগঠন আল-কায়েদা সেই অরক্ষিত সীমানা দিয়ে হয়তো আমেরিকায় আক্রমণ করে বসতে পারে, সেই ভয়ে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন সমন্বিত উদ্যোগ নিয়েছিলেন প্রাচীরটিকে আরও সুরক্ষিত করতে। তিনি ভয় পেয়েছিলেন, হয়তো আল-কায়েদা অরক্ষিত সীমানাটি দিয়েই আমেরিকাকে আক্রমণ করে বসতে পারে। সাম্প্রতিক সময়েও উদ্বেগ আছে সেই প্রাচীরটি নিয়ে। প্রেসিডেন্ট পদ প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তিনি ক্ষমতায় গেলে মেক্সিকো সীমানায় একটি সীমানাপ্রাচীর নির্মাণে বাধ্য করবেন মেক্সিকোকে।

গ্রিস-তুর্কি: তুর্কির সঙ্গে সম্পর্কের উন্নয়নের পর এবং সীমানা থেকে ল্যান্ডমাইন সরিয়ে ফেলার পর অভিবাসীদের ইউরোপে প্রবেশের প্রধান পথ হয়ে ওঠে গ্রিস। তাই ২০১২ সালে সাত মাইল লম্বা প্রাচীর তৈরি হয় এই দুই দেশের মধ্যে।

উত্তর আয়ারল্যান্ড: এই সীমানা প্রাচীরগুলো একটু অদ্ভুত। নিজের ঘরের মধ্যেই সীমানাপ্রাচীর। বেলফাস্টে ৯৯টি এ ধরনের প্রাচীর রয়েছে, যেগুলোকে বলা হয় ‘পিস লাইন’। ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের আলাদা করার লক্ষ্যে ১৯৬৯ সালে এই ‘শান্তি রেখা’ তৈরি করা হয়। ১৯৯৮ সালের ‘গুড ফ্রাইডে চুক্তির’ আগ পর্যন্ত এগুলো শুধু সংখ্যা এবং আকারে বৃদ্ধিই পাচ্ছিল।

স্পেন-মরক্কো: উত্তর আফ্রিকান উপকূলে অবস্থিত স্পেনের ছিটমহলগুলোকে উচ্চ প্রযুক্তিসম্পন্ন সীমানাপ্রাচীর দিয়ে রক্ষা করা হচ্ছে। অনেকের এই প্রাচীর টপকাতে গিয়ে মৃত্যু হয়েছে। আবার অনেকে মর​ক্কান বাহিনীর গুলিতে মারা গেছে।

বাংলাদেশ-ভারত: ১৯৯৩ সালের পর থেকে ভারত ক্রমে বাংলাদেশের সীমানায় কাঁটাতারের বেড়া তৈরি করছে, যাতে অভিবাসন-প্রত্যাশীরা সে দেশে ঢুকতে না পারে।

সাইপ্রাস: একটি সীমানাদেয়াল সাইপ্রাসের একটি দ্বীপ ও রাজধানী নিকোসিয়াকে আলাদা করেছে। এএফপি অবলম্বনে