বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এখন চীন। মোট দেশজ উত্পাদনের (জিডিপি) দিক দিয়ে দেশটি জাপানকে টপকে এই স্থানে উঠে এসেছে। গতকাল সোমবার জাপানের ত্রৈমাসিক জিডিপির পরিসংখ্যান প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, এক দশকের মধ্যে চীন জিডিপির দিক দিয়ে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে।জাপানের মন্ত্রিসভা গতকাল এক প্রতিবেদনে বলেছে, মার্চ থেকে জুন নাগাদ দেশটির জিডিপি ছিল ১ দশমিক ২৯ ট্রিলিয়ন ডলার। ঠিক একই সময়ে চীনের জিডিপি ছিল ১ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ আশা করছে, চলতি বছর শেষে চীনের জিডিপি ৫ দশমিক ৪ ট্রিলিয়ন এবং জাপানের জিডিপি ৫ দশমকি ৩ ট্রিলিয়নে দাঁড়াবে। প্রথম স্থান দখল করে থাকা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জিডিপি ধরা হয়েছে ১৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।চীনের কর্মকর্তারা বলেছেন, মার্চ থেকে জুন পর্যন্ত চীনের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে বছরের প্রথম তিন মাসে অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাপানের প্রবৃদ্ধির হার ছিল মাত্র ১ দশমকি ১ শতাংশ। কিন্তু পরবর্তী তিন মাসে অর্থাত্ এপ্রিল থেকে জুনে এ হার আরও নেমে শূন্য দশমিক ১ শতাংশে এসে দাঁড়ায়।বিশ্লেষকেরা বলেছেন, ডলারের বিপরীতে ইয়েন অস্বাভাবিক শক্তিশালী থাকায় সাম্প্রতিক বছরগুলোতে জাপানের রপ্তানি আয় কমে গেছে। ফলে সে দেশের প্রবৃদ্ধির হার মারাত্মকভাবে পড়ে যায়। অন্যদিকে চীনের রপ্তানি অবিশ্বাস্য পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। শুধু গত জুলাই মাসেই চীনের রপ্তানি আয় ছিল ২৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। চীনের প্রধান মুদ্রা নিয়ন্ত্রক চায়না রিফর্ম ম্যাগাজিনকে বলেছেন, রপ্তানি আয়ের দিক থেকে তাঁরা এরই মধ্যে জাপানকে ছাড়িয়ে গেছেন।গতকাল জাপানের মন্ত্রিসভা কার্যালয়ের সংসদবিষয়ক সচিব কেইসুকে সুমুরা বলেন, জাপানের অর্থনীতি ক্রমেই স্থবির হয়ে পড়ছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের জিডিপি ছিল ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, জাপানের ৫ দশমিক ১ ট্রিলিয়ন এবং চীনের ৪ দশমকি ৯ ট্রিলিয়ন ডলার। আইএমএফ ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জিডিপি নির্ধারণ করেছে ১৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার, চীনের ৫ দশমিক ৪ ট্রিলিয়ন এবং জাপানের ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।অর্থনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, অর্থনীতির দৌড়ে যুক্তরাষ্ট্র এখনো অনেক এগিয়ে থাকলেও চীনের অবিশ্বাস্য প্রবৃদ্ধি অর্জনের গতি দুই দেশের ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। তাঁরা মনে করছেন, এক দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন জিডিপির দিক থেকে বিশ্বের এক নম্বর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এএফপি, সিএনএন ও বিবিসি অনলাইন।