বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ বন্দরের রানওয়ে উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের পথে আরেক ধাপ অগ্রগতি অর্জিত হলো। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে অবস্থিত বিশ্বের প্রথম মহাকাশ বন্দরের রানওয়ে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার ওই অঙ্গরাজ্যের গভর্নর বিল রিচার্ডসন ও ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন আনুষ্ঠানিকভাবে এই রানওয়ের উদ্বোধন করেন। এর ফলে ভার্জিন গ্যালাকটিক কোম্পানির মহাকাশযানের বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে যাওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার। স্যার রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্যালাকটিক কোম্পানির স্বত্বাধিকারী।ব্র্যানসন বলেছেন, ‘এই রানওয়ের উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিতীয় মহাকাশ যুগের সূচনা হলো। এই গল্পের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এমনও দিন আসবে, যখন এই রানওয়ে থেকে প্রতিদিন মহাশূন্যে ফ্লাইট উড্ডয়ন করবে।’ রানওয়েটি লম্বায় ৩ দশমিক ২ কিলোমিটার আর চওড়ায় ২০০ ফুট (৬০ মিটার)। রানওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন নভোচারী এডউইন অলড্রিনও উপস্থিত ছিলেন। চাঁদে দ্বিতীয় পদার্পণকারী এই নভোচারী বলেছেন, ‘সাধারণ মানুষ মহাশূন্যে যেতে পারবেন—এটা ভেবে আমি খুবই আনন্দিত। আমি নিজেও পর্যটকদের একজন হতে চাই।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তাঁরাও উপস্থিত ছিলেন, যাঁরা এরই মধ্যে মহাকাশ ভ্রমণের জন্য অর্থ জমা দিয়েছেন। ২০০৫ সাল থেকে এই অর্থ সংগ্রহ শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত ৩৮০ জন অগ্রিম অর্থ জমা দিয়েছেন। মাত্র তিন ঘণ্টার মহাকাশ ভ্রমণের জন্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ডলার। মহাকাশে বেড়াতে যেতে ইচ্ছুক নিউজিল্যান্ডের ব্যবসায়ী দিভেক হ্যান্ডলি বলেছেন, ‘দুই লাখ ডলার অবশ্যই বড় একটা অঙ্ক। কিন্তু আমি মনে করি, এ ধরনের অভিজ্ঞতার জন্য এ অর্থ কিছুই না।’রুশ ব্যবসায়ী ইগর কুতসেনকো বলেন, ‘৫৭ বছরের মা ও ৫৯ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে মহাশূন্যে বেড়াতে যেতে চাই আমি। এটা আমার জীবনের স্বপ্ন।’ স্বপ্ন পূরণে এরই মধ্যে তিনি গড়ে দেড় লাখ ডলার করে সাড়ে চার লাখ ডলার জমা দিয়েছেন। বাকি অর্থ ভ্রমণের আগে দেবেন। বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের জন্য ভিএসএস এন্টারপ্রাইজ নামে ছয় আসনের একটি বিশেষ বিমান তৈরি করা হয়েছে। ২০১২ সালের শুরুতে প্রথম মহাশূন্য ভ্রমণে যাবে এটি। সম্প্রতি ভিএসএস এন্টারপ্রাইজের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। গত শুক্রবার এটি মূল উড়োজাহাজের (মাদাররশিপ) সঙ্গে উড্ডয়ন করে। ভিএসএস এন্টারপ্রাইজকে মহাশূন্যে নিয়ে যাবে চার ইঞ্জিনবিশিষ্ট হোয়াইট নাইট টু (ডব্লিউ কে টু) নামের মাদারশিপ।স্পেসপোর্ট অ্যামেরিকা নামের বাণিজ্যিক মহাকাশ বন্দরটি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লাস ক্রুসেস শহরের কাছে মেক্সিকো সীমান্তে অবস্থিত। পর্যটকবাহী বিমান এ বন্দর থেকেই উড্ডয়ন ও অবতরণ করবে। বিবিসি ও এএফপি।