বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক বৈষম্যের অবসান ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে ১ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রম দিবস বা মে দিবস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও পশ্চিম উপকূলের বিভিন্ন স্থানে ‘ওয়ালস্ট্রিট দখল’ আন্দোলনকারীদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।‘ওয়ালস্ট্রিট দখল’ আন্দোলনকারীরা মে দিবসে সাধারণ ধর্মঘট আহ্বান করে এবং মাথায় কালো কাপড় বেঁধে ও হাতে রংবেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে ম্যানহাটনের বিভিন্ন রাস্তায় শ্রমজীবীদের অধিকারের দাবিতে স্লোগান দেয়। শহরের সর্বত্র পুলিশের কড়া প্রহরা ছিল। নিউইয়র্ক পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে একটি ব্যাংকসহ কয়েকটি ভবনে ভাঙচুর করা হয়। ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ২০ জন ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ১০ জনকে আটক করে পুলিশ। এদিকে ‘ওয়ালস্ট্রিট দখল’ আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমস্টারডাম, এথেন্স, অকল্যান্ড, বার্সেলোনা, লন্ডন, মেলবোর্ন, সিউল ও টরন্টোসহ সারা বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। ঋণসংকটে জর্জরিত দেশ গ্রিসে সরকারের ব্যয় সংকোচননীতির বিরুদ্ধে ধর্মঘট আহ্বান করে মে দিবসে বিক্ষোভ মিছিল হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে মে দিবসের প্রধান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেশী দেশ পর্তুগালেও শোভাযাত্রার আয়োজন করে দেশটির শ্রমিক সংগঠন। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিভিন্ন সড়কে মিছিল করেছে কট্টর জাতীয়তাবাদী দল ন্যাশনাল ফ্রন্ট। এতে নেতৃত্ব দেন দলের নেতা মেরিন লি পেন। অপরদিকে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দল কনজারভেটিভ পার্টিও মে দিবসে মিছিল বের করে।রাশিয়ায় শ্রমিক দিবসের বিশেষ শোভাযাত্রায় একসঙ্গে অংশ নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এদিকে এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিকেরা নিজেদের অধিকার, কাজের ভালো পরিবেশ ও সুযোগ-সুবিধার দাবিতে মিছিল-সমাবেশ করেছেন। মজুরি বৃদ্ধি ও চাকরির নিরাপত্তার দাবিতে হংকং, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার শ্রমিক মিছিল করে। এএফপি।